ডিসেম্বরে মিসরে সরাসরি ফ্লাইট চালু করছে সিরিয়ান এয়ারলাইনস
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, November 22, 2026
সংগৃহীত
সিরিয়া ও মিসরের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে সিরিয়ান এয়ারলাইনস। আগামী ৫ ডিসেম্বর দামেস্ক থেকে কায়রো এবং ৭ ডিসেম্বর কায়রো থেকে আলেপ্পো রুটে নিয়মিত ফ্লাইট শুরু করবে দেশটির বিমান সংস্থাটি। শনিবার সিরিয়ার বেসামরিক বিমান চলাচল ও বিমান পরিবহনবিষয়ক সাধারণ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষের প্রেসিডেন্ট ওমর হোসারি বলেন, মিসরের কর্মকর্তাদের সঙ্গে মন্ট্রিলে বৈঠকে হওয়া সমঝোতার ভিত্তিতে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই দেশের বিমান সংস্থাগুলো সমান্তরালভাবে ফ্লাইট পরিচালনা করবে।
দামেস্ক ও আলেপ্পোর মধ্যে অভ্যন্তরীণ ফ্লাইটও পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানান হোসারি। এর মাধ্যমে সিরিয়ার রাজধানীর সঙ্গে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরের যোগাযোগ বাড়বে।
এদিকে মিসরের রাষ্ট্রীয় বিমান সংস্থা ইজিপ্টএয়ারও ডিসেম্বরে সিরিয়ায় ফ্লাইট চালু করবে। সংস্থাটি ৪ ডিসেম্বর থেকে দামেস্কে প্রতিদিন এবং ৬ ডিসেম্বর থেকে আলেপ্পোয় সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে। দুটি রুটেই বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে।
গত ১৭ নভেম্বর মন্ট্রিলে মিসর ও সিরিয়ার মধ্যে একটি সহযোগিতা প্রটোকল স্বাক্ষরিত হয়। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) সপ্তম বিশ্ব বিমান পরিবহন সম্মেলন ও ৪৩তম বিশেষ অধিবেশনের ফাঁকে এ চুক্তি হয়।
মিসরের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় জানায়, প্রটোকলের আওতায় দুই দেশের মধ্যে সমন্বয়, কারিগরি তথ্য ও অভিজ্ঞতা বিনিময় এবং আন্তর্জাতিক মান অনুযায়ী পরিচালন পদ্ধতি উন্নয়নে কাজ করা হবে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে বিদ্যমান বিমান পরিবহন চুক্তি কার্যকর করার পর ফ্লাইট চালুর বিষয়ে দুই দেশ একমত হয়েছে।
এর আগে গত ২৩ অক্টোবর সিরিয়ার দামেস্ক ফ্লাইট ইনফরমেশন অঞ্চলে বেসামরিক উড়োজাহাজ চলাচল নিয়ে ২০১৩ সালে জারি করা নিরাপত্তা সতর্কতা প্রত্যাহার করে আইকাও। সংস্থাটি সদস্য দেশগুলোকে জানায়, ওই সতর্কতা আর কার্যকর নেই।
হোসারি বলেন, এ সিদ্ধান্তের ফলে বিভিন্ন বিমান সংস্থা সিরিয়ায় ফ্লাইট চালু করতে উৎসাহিত হতে পারে। এতে দেশটির আকাশসীমায় উড়োজাহাজ চলাচলও বাড়তে পারে। তবে বিভিন্ন দেশ ও বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থার নিজস্ব নিষেধাজ্ঞা এতে স্বয়ংক্রিয়ভাবে উঠে যাবে না।
এদিকে সিরিয়ার বিমানবন্দরগুলোর সক্ষমতা বাড়াতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৫ সালের ২৪ নভেম্বর কাতারের ইউসিসি হোল্ডিংয়ের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়ামের সঙ্গে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন, সম্প্রসারণ ও পরিচালনার চুক্তি করে সিরিয়ার কর্তৃপক্ষ। চুক্তির ঘোষিত মূল্য ৪০০ কোটি ডলার।
কনসোর্টিয়ামে তুরস্কের চেঙ্গিজ ইনশাত ও কালিওন ইনশাত এবং যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাসেটস ইনভেস্টমেন্টস রয়েছে। প্রকল্পটি কয়েক ধাপে বাস্তবায়িত হবে। এর লক্ষ্য বিমানবন্দরটির বার্ষিক যাত্রী ধারণক্ষমতা ৩ কোটি ১০ লাখে উন্নীত করা। প্রকল্পে পাঁচ তারকা হোটেল ও একটি ফ্রি জোন নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
এ ছাড়া নতুন বিমান সংস্থা চালুর উদ্যোগ নিয়েছে সিরিয়া। গত ৭ ফেব্রুয়ারি সৌদি আরবের স্বল্প খরচের বিমান সংস্থা ফ্লাইনাস ও সিরিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ‘ফ্লাইনাস সিরিয়া’ প্রতিষ্ঠার চুক্তি করে। এতে সিরিয়ার কর্তৃপক্ষের মালিকানা থাকবে ৫১ শতাংশ এবং ফ্লাইনাসের ৪৯ শতাংশ।
লাইসেন্স ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে ২০২৬ সালের শেষ প্রান্তিকে নতুন সংস্থাটির কার্যক্রম শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সংস্থাটি মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে।