৩৫ বছর ধরে বিমানবন্দরে পড়ে থাকা দুটি বোয়িং ৭৪৭ বিক্রি করছে ইরাক
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, November 21, 2026
সংগৃহীত
৩৫ বছর ধরে তিউনিসিয়ার একটি বিমানবন্দরে পড়ে আছে দুটি বোয়িং ৭৪৭ উড়োজাহাজ। এবার সেগুলো বিক্রির উদ্যোগ নিয়েছে ইরাক। উড়োজাহাজ দুটির মোট দাম ধরা হয়েছে ১৮ লাখ ডলার। প্রতিটির দাম ৯ লাখ ডলার।
ইরাকের রাষ্ট্রীয় বিমান সংস্থা ইরাকি এয়ারওয়েজ গত ১৮ নভেম্বর বিক্রির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ব্যক্তি বা প্রতিষ্ঠান চাইলে একটি অথবা দুটি উড়োজাহাজই কেনার প্রস্তাব দিতে পারবে। উড়োজাহাজ দুটি এখন তিউনিসিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তোজেউর-নেফতা আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে।
উড়োজাহাজ দুটির একটি বোয়িং ৭৪৭-২০০, যার নিবন্ধন নম্বর YI-AGP। অন্যটি বোয়িং ৭৪৭এসপি, যার নিবন্ধন নম্বর YI-ALM। দুটি উড়োজাহাজই ১৯৮২ সালে তৈরি। এর মধ্যে ৭৪৭এসপি উড়োজাহাজটি সাদ্দাম হোসেনের শাসনামলে সরকারি কাজে ব্যবহার করা হতো।
১৯৯১ সালের জানুয়ারিতে উড়োজাহাজ দুটি তিউনিসিয়ায় নিয়ে যাওয়া হয়। ওই সময় কুয়েত আক্রমণের পর ইরাকে জোট বাহিনীর বিমান হামলার আশঙ্কা তৈরি হয়েছিল। এ কারণে নিরাপত্তার জন্য উড়োজাহাজ দুটি তিউনিসিয়ায় সরিয়ে নেওয়া হয়। পরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, আইনি জটিলতা ও পার্কিংয়ের খরচ বেড়ে যাওয়ায় সেগুলো দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
এদিকে উড়োজাহাজ দুটিতে কুয়েতের সম্পদ পাওয়ার ঘটনাও সামনে আসে। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, ২০০৫ সালের সেপ্টেম্বরে পরিদর্শনের সময় বোয়িং ৭৪৭-২০০ উড়োজাহাজে কুয়েত এয়ারওয়েজের একটি ইঞ্জিন পাওয়া যায়। উড়োজাহাজ দুটিতে কুয়েতের বিভিন্ন খুচরা যন্ত্রাংশও ছিল। পরে ইরাক ও কুয়েতের প্রতিনিধিরা এসব সম্পদ ফিরিয়ে দেওয়ার বিষয়ে সম্মত হন।
বিমান চলাচলবিষয়ক সংবাদমাধ্যম সিএইচ-এভিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২০ সালে তিউনিসিয়ার কর্তৃপক্ষকে পার্কিং ও অন্যান্য খরচ বাবদ প্রায় ৫৪ লাখ ডলার পরিশোধ করে ইরাক। এরপরও উড়োজাহাজ দুটি বিমানবন্দরেই পড়ে থাকে।
এর আগে ২০২৩ সালেও উড়োজাহাজ দুটি বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছিল। তখন প্রতিটির দাম ধরা হয়েছিল ৪ লাখ ৯৪ হাজার ডলার। ওই সময় শর্ত দেওয়া হয়েছিল, উড়োজাহাজ দুটি রাজনৈতিক উদ্দেশ্যে বা কোনো ব্যক্তির গৌরব প্রচারের কাজে ব্যবহার করা যাবে না। তবে শেষ পর্যন্ত বিক্রি সম্পন্ন হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
নতুন বিক্রির শর্ত অনুযায়ী, উড়োজাহাজ দুটি বর্তমান অবস্থাতেই বিক্রি করা হবে। এগুলোর কারিগরি অবস্থা নিয়ে কোনো নিশ্চয়তা দেবে না বিক্রেতা। মালিকানা হস্তান্তর, শুল্ক ছাড়, পরিবহন, কর ও পরবর্তী পার্কিংয়ের খরচ ক্রেতাকে বহন করতে হবে।