বোয়িং থেকে আরো ১১টি উড়োজাহাজ কিনছে বিমান, চুক্তি বুধবার
নিজস্ব প্রতিবেদক
| Published: Tuesday, September 22, 2026
মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এ সংক্রান্ত চুক্তি হতে যাচ্ছে বলে জানতে পেরেছে এভিয়েশন এক্সপ্রেস।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের চলাকালে বুধবার স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টা ১৫ মিনিটে) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
চুক্তিতে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী আখতার হোসেন স্বাক্ষর করবেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত থাকবেন।
চুক্তি স্বাক্ষরের পর বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ড. ব্রেন্ডন নেলসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
বিমানের উচ্চাভিলাষী বহর সম্প্রসারণের ক্ষেত্রে এই চুক্তিকে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণকে কেন্দ্র করে মার্কিন উড়োজাহাজ নির্মাতা বোয়িং এবং ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের মধ্যে চলমান প্রতিযোগিতার মধ্যেই নতুন এই চুক্তি হতে যাচ্ছে।
নতুন করে যুক্ত হতে যাওয়া ১১টি উড়োজাহাজের বাইরে গত ৩০ এপ্রিল বোয়িংয়ের সঙ্গে ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি করে বিমান। ওই চুক্তির আওতায় রয়েছে আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ এবং চারটি ৭৩৭-৮ উড়োজাহাজ।
বুধবারের চুক্তি সম্পন্ন হলে বোয়িংয়ের কাছ থেকে বিমানের পরিকল্পিত উড়োজাহাজ সংগ্রহের সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৫টিতে।
তবে নতুন করে চুক্তি হতে যাওয়া ১১টি উড়োজাহাজের মডেল, মূল্য, অর্থায়ন কাঠামো এবং সরবরাহের সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি।
অন্যদিকে, একই সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০টি এয়ারবাস উড়োজাহাজ সংগ্রহের জন্য পৃথক একটি প্রস্তাব নিয়েও এগোচ্ছে। এর মধ্যে রয়েছে চারটি এ৩৫০-৯০০ ওয়াইডবডি এবং ছয়টি এ৩২১নিও ন্যারোবডি উড়োজাহাজ।
বোয়িং ও এয়ারবাসের প্রস্তাবিত প্যাকেজ দুটি বাস্তবায়িত হলে বিমানের জন্য ভবিষ্যতে মোট ৩৫টি উড়োজাহাজ বহরে যুক্ত হবে। এর মধ্যে ২৫টি হবে বোয়িং এবং ১০টি এয়ারবাসের উড়োজাহাজ। বর্তমানে বিমানের বহরে রয়েছে ১৯টি উড়োজাহাজ।
বাংলাদেশ বিমানের বহর সম্প্রসারণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপ—উভয়ের সঙ্গে বিমান চলাচল ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার প্রেক্ষাপটে বোয়িং-এয়ারবাসের এই প্রতিযোগিতা বিশেষ গুরুত্ব পেয়েছে।
গত এপ্রিলে বোয়িংয়ের সঙ্গে করা চুক্তিটি ইতোমধ্যেই বিমানের ইতিহাসে সবচেয়ে বড় উড়োজাহাজ ক্রয়াদেশ। ওই চুক্তির মাধ্যমে বিমানের বহরে প্রথমবারের মতো ৭৮৭-১০ এবং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ যুক্ত হতে যাচ্ছে। উড়োজাহাজগুলো ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে সরবরাহ করার কথা রয়েছে।
বুধবারের নতুন চুক্তির মাধ্যমে বোয়িংয়ের সঙ্গে বিমানের ভবিষ্যৎ বহর সম্প্রসারণের প্রতিশ্রুতি আরও গভীর হবে।