২০২৭ সালের হজ নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত
ডেস্ক রিপোর্ট
| Published: Friday, September 11, 2026
আগামী বছর(২০২৭ সালে)পবিত্র হজে যেতে ইচ্ছুকদের নিবন্ধন কার্যক্রম এখন চলছে। সৌদি সরকারের বেঁধে দেওয়া সময়সূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যেই সব হজযাত্রীর নিবন্ধন শেষ করতে হবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এই সময়সীমা আর বাড়ানো হবে না। গত ৯ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য বরাদ্দ কোটা ৭৮ হাজার ৫০০ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জনের নিবন্ধনের কথা উল্লেখ করা হয়েছে।
গত ২৭ জুলাই থেকে শুরু হওয়া এই নিবন্ধন কার্যক্রম শেষ হবে ২৪ সেপ্টেম্বর। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন হলে বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা জানানো হবে সৌদি কর্তৃপক্ষকে।
এরপর সেই চূড়ান্ত সংখ্যার ভিত্তিতেই শুরু হবে সৌদি পর্বের বাকি কার্যক্রম—অর্থ প্রেরণ, স্বাস্থ্য পরীক্ষা, ভিসার আবেদন, টিকাদান ও হজ প্রশিক্ষণসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি।
হজে যেতে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে যুক্ত ব্যাংক এবং সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন শেষ করার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
নিবন্ধন ও হজ সংক্রান্ত বিস্তারিত তথ্য মন্ত্রণালয়ের হজবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।
সূত্র: বাসস