বিশ্বব্যাপী ইতালির ভিসা আবেদন কার্যক্রম ১১–১৮ ফেব্রুয়ারি সাময়িকভাবে স্থগিত থাকবে
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, January 26, 2026
সংগৃহীত ছবি
ঢাকায় অবস্থিত ইতালির দূতাবাস আজ জানিয়েছে, ইতালির ভিসা প্রসেসিং সিস্টেমের নির্ধারিত প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের কারণে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সাময়িকভাবে বিশ্বব্যাপী ভিসা আবেদন গ্রহণ স্থগিত রাখা হবে।
দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১১, ১২, ১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি বিশ্বের কোনো দেশেই ইতালির ভিসা অফিসগুলোতে কোনো ধরনের ভিসা আবেদন গ্রহণ করা হবে না। এই সময়ে সব ক্যাটাগরির ভিসা আবেদন স্থগিত থাকবে।
এছাড়া দূতাবাসের নির্দেশনায় ভিএফএস গ্লোবালকে উক্ত সময়কালে নতুন ভিসা আবেদন বা আবেদন প্রত্যাহারের কোনো অনুরোধ গ্রহণ না করতে বলা হয়েছে। তবে ইতোমধ্যে জমা দেওয়া আবেদনগুলোর ক্ষেত্রে দূতাবাস কর্তৃক বিশেষভাবে চাওয়া অতিরিক্ত কাগজপত্র গ্রহণ করা হবে।
যেসব আবেদনকারীর ১১ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে ইতালি ভ্রমণের জরুরি প্রয়োজন রয়েছে, তাদের ফেব্রুয়ারির শুরুতেই ভিসার আবেদন জমা দিতে জোর পরামর্শ দিয়েছে দূতাবাস। কারণ, ভিসা ইস্যুর অনুমোদন পেতে সিস্টেমে সর্বোচ্চ ১০ দিন পর্যন্ত সময় লাগতে পারে।
ভিসা সংক্রান্ত যেকোনো ধরনের ভোগান্তি এড়াতে আবেদনকারীদের ভ্রমণ পরিকল্পনা ও ভিসা জমাদানের সময়সূচি যথাযথভাবে নির্ধারণ করার আহ্বান জানিয়েছে ইতালির দূতাবাস।