বন্ধ হওয়া স্পিরিট এয়ারলাইন্সের যাত্রী-কর্মীদের পাশে অন্য বিমান সংস্থাগুলো
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, May 03, 2026
ছবি: সংগৃহীত
রাতারাতি বন্ধ হয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের সাশ্রয়ী ভাড়ার বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্সের বিপদে পড়া যাত্রী ও কর্মীদের সহায়তায় এগিয়ে এসেছে অন্যান্য বিমান সংস্থাগুলো।
জ্বালানি তেলের ঊর্ধ্বমুখী মূল্য এবং ঋণদাতাদের সঙ্গে শেষ মুহূর্তের আলোচনা ব্যর্থ হওয়ার পর হলুদ রঙের বিমানের জন্য পরিচিত এই জনপ্রিয় এয়ালাইন্সটি "বৈশ্বিক কার্যক্রম অবিলম্বে গুটিয়ে নেওয়ার" ঘোষণা দেয়। তাদের সব ফ্লাইট বাতিল করে গ্রাহক সেবাও বন্ধ করে দেওয়া হয়।
আমেরিকান, ডেল্টা, ইউনাইটেড ও জেটব্লুসহ প্রতিযোগী সংস্থাগুলো দ্রুত পদক্ষেপ নিয়ে স্পিরিটের যাত্রীদের জন্য বিশেষ ভাড়ার ব্যবস্থা করে। কেউ কেউ ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছে এবং বড় বিমান সিডিউল করেছে। বিপদে পড়া স্পিরিট কর্মীদেরও নিয়োগ দেওয়ার আগ্রহ দেখিয়েছে একাধিক সংস্থা।
স্পিরিট এক বিবৃতিতে জানায়, "জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও অন্যান্য চাপ কোম্পানির আর্থিক সম্ভাবনাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। অতিরিক্ত অর্থায়নের কোনো সুযোগ না থাকায় কার্যক্রম গুটিয়ে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প ছিল না।" সংস্থাটি যাত্রীদের টিকিটের অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। গত বছরের শেষ নাগাদ কোম্পানিটিতে প্রায় সাড়ে সাত হাজার কর্মী কর্মরত ছিলেন।
পাইলটদের ইউনিয়ন 'এয়ার লাইন পাইলটস অ্যাসোসিয়েশন' এই পরিণতির প্রতিক্রিয়ায় বলেছে, "এই সিদ্ধান্তের যন্ত্রণা পরিচালনা পর্ষদে নয়, অনুভব করবেন পাইলট, বিমানসেবিকা, মেকানিক ও গ্রাউন্ড ক্রুরা এবং তাঁদের পরিবার।"
হোয়াইট হাউস একটি উদ্ধার পরিকল্পনা নিয়ে আলোচনা করলেও তা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। পরিবহন সচিব শন ডাফি বলেন, "প্রেসিডেন্ট ট্রাম্প স্পিরিটকে টিকিয়ে রাখতে সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ সিদ্ধান্ত ছিল ঋণদাতাদের হাতে।" তিনি আরও জানান, সরকারের হাতে বেলআউটের জন্য অর্ধ বিলিয়ন ডলার মজুত নেই।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলার পর হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে বিমান জ্বালানির দাম হঠাৎ আকাশচুম্বী হয়। এই ধাক্কাই স্পিরিটের পরিকল্পিত দেউলিয়া থেকে পুনরুদ্ধারের আশায় চূড়ান্ত আঘাত হানে।
সংকট ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ব্র্যাডলি আকুবুইরো বলেন, "জ্বালানির দাম হয়তো শেষ পেরেক ঠুকে দিয়েছে, কিন্তু স্পিরিট আগে থেকেই অত্যন্ত নাজুক অবস্থায় ছিল। এর দীর্ঘমেয়াদি প্রভাব হবে মার্কিন বিমান বাজারে সাশ্রয়ী ভাড়ার অন্যতম উৎস চিরতরে হারিয়ে যাওয়া।"
১৯৯২ সালে যাত্রা শুরু করা স্পিরিট যুক্তরাষ্ট্রের প্রথম স্বল্পমূল্যের বিমান সংস্থাগুলোর একটি। ২০২৪ সালের নভেম্বর ও ২০২৫ সালের আগস্টে পর পর দুবার দেউলিয়া ঘোষণার পর থেকেই সংস্থাটির অবস্থা অনেকটাই নাজুক ছিল।
সূত্র: এএফপি