জাতিসংঘের অভিবাসন ফোরামে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
| Published: Sunday, May 03, 2026
-কোলাজ ছবি
জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য দ্বিতীয় 'ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামে' (আইএমআরএফ) অংশ নিতে ৩ মে (রবিবার) যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
আগামী ৫ থেকে ৮ মে নিউইয়র্কে অনুষ্ঠেয় এই চার দিনব্যাপী ফোরামটি 'গ্লোবাল কম্প্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন' (জিসিএম) বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়নের প্রধান আন্তঃসরকারি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩/৩২৬ নম্বর রেজল্যুশনের আলোকে এই ফোরাম গঠিত হয়েছিল।
মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে প্রতিনিধিদলে থাকবেন মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী নিউইয়র্কে গিয়ে প্রতিনিধিদলের সঙ্গে যুক্ত হবেন বলে মন্ত্রণালয় শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ফোরামের প্রথম দুই দিন প্রতিনিধিদল বিভিন্ন রাউন্ড টেবিল আলোচনায় অংশ নেবে। পরবর্তী দিনগুলোতে মূল অধিবেশনে যোগ দিয়ে অভিবাসন ব্যবস্থাপনায় বাংলাদেশের অবস্থান ও অর্জন তুলে ধরা হবে।
প্রতিনিধিদলটি আগামী ১১ মে সন্ধ্যায় নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে বলে জানানো হয়েছে।
বিশ্বের অন্যতম বৃহৎ জনশক্তি রপ্তানিকারক দেশ বাংলাদেশের লক্ষ লক্ষ কর্মী মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আছেন। প্রবাসী আয় দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি।