যুক্তরাষ্ট্রে সম্পূর্ণ অর্থায়নে মাস্টার্স: ফুলব্রাইট বৃত্তিতে আবেদন শুরু
নিজস্ব প্রতিবেদক
| Published: Sunday, May 03, 2026
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর পড়ার সুযোগ নিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
রোববার ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের ভেরিফিইড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
২০২৭ সালের ফল সেমিস্টার থেকে শুরু হওয়া এই কার্যক্রমের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা সর্বোচ্চ দুই বছরের জন্য সম্পূর্ণ টিউশন ফি, ভ্রমণ ব্যয় এবং আবাসন ও জীবনযাত্রার খরচ পাবেন। বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর গবেষণার জন্য এই অর্থায়ন প্যাকেজ আন্তর্জাতিক শিক্ষার্থীদের আর্থিক বাধা দূর করতে সহায়ক।
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষা বিনিময় কার্যক্রম হিসেবে স্বীকৃত ফুলব্রাইট প্রোগ্রাম প্রতিবছর ১৬০টিরও বেশি দেশ থেকে প্রায় চার হাজার শিক্ষার্থীকে সহায়তা প্রদান করে থাকে। একাডেমিক সহযোগিতা ও আন্তঃসাংস্কৃতিক বিনিময়ের লক্ষ্যে পরিচালিত এই কার্যক্রম বিশ্বজুড়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ মর্যাদা অর্জন করেছে।
দূতাবাস জানিয়েছে, আবেদনের শেষ সময়সীমা আগামী ১১ জুলাই ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট (বাংলাদেশ সময়)। আগ্রহী প্রার্থীদের যোগ্যতার শর্ত ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।