শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী তুরস্কের ‘সেলেবি এভিয়েশন’
সিনিয়র প্রতিবেদক
| Published: Sunday, May 03, 2026
ছবি- সংগৃহীত
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে তুরস্কের খ্যাতনামা প্রতিষ্ঠান সেলেবি এভিয়েশন হোল্ডিং (Celebi Aviation Holding)।
আজ রবিবার (৩ মে) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এই আগ্রহের কথা জানান।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে দেশের পর্যটন খাতের আধুনিকায়ন এবং অবকাঠামোগত উন্নয়নে তুরস্কের কারিগরি ও কৌশলগত সহযোগিতা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
রাষ্ট্রদূত রামিস সেন জানান, তুরস্কের শীর্ষস্থানীয় এভিয়েশন কোম্পানি সেলেবি এভিয়েশন বাংলাদেশের বিমান চলাচল খাতের উন্নয়নে অংশীদার হতে চায়। তারা বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে বিনিয়োগ ও উন্নত প্রযুক্তি সরবারহ করার বিষয়ে অত্যন্ত আগ্রহী।
আলোচনা শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং প্রতিমন্ত্রী বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাতের বিকাশে তুরস্কের মতো বন্ধুপ্রতীম দেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে সরকার বদ্ধপরিকর।
সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং তুর্কি দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।