বোয়েসেলের মাধ্যমে বিনামূল্যে ১০ হাজার কর্মী যাবে মালয়েশিয়া
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, August 29, 2026
বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনামূল্যে (জিরো কস্ট) নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ, খবর বাসস-এর।
শুক্রবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান ভাড়াসহ সব ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই এই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো হবে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে কর্মীদের প্রথম বহর মালয়েশিয়ায় পাঠানোর মধ্য দিয়ে দেশটির শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হবে।
এ উদ্যোগকে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য একটি বড় মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
বোয়েসেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে একমাত্র সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান, যা বিদেশে বাংলাদেশের জনশক্তি রপ্তানি করে। স্বল্প ও যৌক্তিক, ক্ষেত্রবিশেষে একেবারে বিনা খরচে কর্মী পাঠানোর মাধ্যমে সরকারের বিভিন্ন নীতি ও লক্ষ্য বাস্তবায়নে এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।