বোয়িং থেকে ৯টি ড্রিমলাইনার কেনার ঘোষণা ইথিওপিয়ান এয়ারলাইন্সের
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, January 22, 2026
ছবি: সংগৃহীত
দীর্ঘপাল্লার আন্তর্জাতিক ভ্রমণের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে বোয়িংয়ের কাছ থেকে আরও ৯টি ৭৮৭ ড্রিমলাইনার বিমান অর্ডার দিয়েছে ইথিওপিয়ান এয়ারলাইন্স। আফ্রিকার বৃহত্তম এই এয়ারলাইন্সটি বোয়িংয়ের সঙ্গে যৌথভাবে বিষয়টি নিশ্চিত করেছে। বোয়িংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইথিওপিয়ান এয়ারলাইন্স নতুন ৭৮৭-৯ মডেলের বিমানগুলো ব্যবহার করে তাদের আন্তর্জাতিক রুট নেটওয়ার্ক আরও সম্প্রসারণ করবে। বর্তমানে এয়ারলাইন্সটি বিশ্বের ১৪৫টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।
এর আগে দুবাই এয়ারশোতে ১১টি বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান কেনার ঘোষণা দিয়েছিল ইথিওপিয়ান এয়ারলাইন্স। সর্বশেষ এই ৭৮৭ ড্রিমলাইনার অর্ডারসহ দুটি চুক্তি ২০২৫ সালের ডিসেম্বর মাসে চূড়ান্ত হয়। এর ফলে ইথিওপিয়ান এয়ারলাইন্সের অর্ডার তালিকায় যুক্ত হলো মোট ২০টি জ্বালানি-সাশ্রয়ী বোয়িং বিমান।
এ বিষয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্স গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেসফিন তাসিউ বলেন, “আমাদের বহর আরও সম্প্রসারণের লক্ষ্যে ৯টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার অর্ডার নিশ্চিত করতে পেরে আমরা সন্তুষ্ট। আধুনিক ও জ্বালানি-দক্ষ বিমান যুক্ত করার মাধ্যমে যাত্রীসেবা আরও উন্নত করার প্রতিশ্রুতিরই প্রতিফলন এই অর্ডার।”
বর্তমানে ইথিওপিয়ান এয়ারলাইন্স আফ্রিকার সবচেয়ে বড় ৭৮৭ ড্রিমলাইনার বহর পরিচালনা করছে। তাদের ৭৮৭-৮ ও ৭৮৭-৯ বিমানগুলো আদ্দিস আবাবা থেকে ইউরোপ, এশিয়া ও উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ গন্তব্যে আন্তঃমহাদেশীয় ফ্লাইটের পাশাপাশি আফ্রিকার অভ্যন্তরীণ রুটেও ব্যবহৃত হচ্ছে।
বোয়িংয়ের আফ্রিকা অঞ্চলের কমার্শিয়াল সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট আনবেসি ইয়িটবারেক বলেন, “৭৮৭ ড্রিমলাইনার বিশ্বব্যাপী এয়ারলাইন্সগুলোর জন্য একটি গেম-চেঞ্জার হিসেবে প্রমাণিত হয়েছে। আফ্রিকাকে বিশ্বের সঙ্গে আরও দৃঢ়ভাবে সংযুক্ত করার লক্ষ্যে ইথিওপিয়ান এয়ারলাইন্সের সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত।”
বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের উচ্চ সক্ষমতা ও জ্বালানি দক্ষতা এই এয়ারলাইন্সকে বিশেষ সুবিধা দিচ্ছে। এই বিমানগুলো আগের প্রজন্মের বিমানের তুলনায় প্রায় ২৫ শতাংশ কম জ্বালানি ব্যবহার ও কার্বন নিঃসরণ করে। পাশাপাশি যাত্রী পরিবহনের পাশাপাশি বিমানের কার্গো হোল্ডে পণ্য পরিবহনের সুযোগ থাকায় উচ্চ চাহিদাসম্পন্ন বাণিজ্যিক রুটগুলোতেও ইথিওপিয়ান এয়ারলাইন্সের সক্ষমতা আরও বাড়বে। সূত্র: বোয়িং মিডিয়া রুম