চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৪ ফ্লাইট বাতিল
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, March 05, 2026
ফাইল ছবি
আজও হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর (চট্টগ্রাম বিমানবন্দর) থেকে ৪ টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে দুবাই, আবুধাবি, শারজাহ এবং দোহাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিমানবন্দর বন্ধ থাকায় এই ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মধ্যপ্রাচ্য থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুইটি ফ্লাইট আসার কথা থাকলেও সেগুলো এখন বাতিলের তালিকায়। পাশাপাশি একই অঞ্চল থেকে এয়ার আরাবিয়ার আরও দুইটি আগমনী ফ্লাইটও বাতিল করা হয়। ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরে মোট ৫০ টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
এদিকে মাস্কট থেকে আসা সালাম এয়ারের একটি ফ্লাইট ঘন কুয়াশার কারণে সরাসরি চট্টগ্রামে অবতরণ করতে পারেনি। পরে উড়োজাহাজটি ঢাকায় অবতরণ করে। সেখান থেকে পুনরায় উড়ান দিয়ে সকাল ১০টা ৫৫ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছায়। একই উড়োজাহাজে আজ যাত্রী নিয়ে আবার মাস্কটের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়ার কথাও রয়েছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এখনো উড়োজাহাজ চলাচলে বড় ধরনের প্রভাব ফেলছে।
তিনি বলেন, “এই পরিস্থিতির কারণে ঐ অঞ্চলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর বন্ধ রয়েছে, যার সরাসরি প্রভাব আমাদের ফ্লাইট সূচির ওপরও পড়ছে।”
তিনি আরও জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।