দাম্মাম-রিয়াদ ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত: বিমান
জ্যেষ্ঠ প্রতিবেদক
| Published: Sunday, October 25, 2026
সৌদি আরবে বিমানবন্দরে হামলা চলতে থাকায় ঢাকা–দাম্মাম ও ঢাকা–রিয়াদ রুটের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ৪ নভেম্বর পর্যন্ত এই দুই রুটে কোনো ফ্লাইট চলবে না।
আজ রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিমান জানায়, যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট বন্ধ থাকবে।
জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যেতে এবং দেশে ফিরতে পারবেন। যাত্রীদের চাহিদা বিবেচনায় ১৬ অক্টোবর থেকে ঢাকা–জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট চলছে। ৪ নভেম্বর পর্যন্ত এ ব্যবস্থা অব্যাহত থাকবে। ঢাকা–মদিনা রুটে নিয়মিতভাবে বোয়িং ৭৮৭ উড়োজাহাজে ফ্লাইট চলছে।
স্থগিত ফ্লাইটগুলো নিয়ে পরবর্তী সিদ্ধান্ত ও সময়সূচির হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমানের সেলস সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।