Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

কোরিয়ায় কাজের সুযোগ বাড়াতে চান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

কোরিয়ায় কাজের সুযোগ বাড়াতে চান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী


দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ বাড়াতে এবং তাঁদের দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। মঙ্গলবার সিউলে দুটি পৃথক বৈঠকে তিনি এ আহ্বান জানান।


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ন্যাশনাল এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যাসোসিয়েশন অব কোরিয়া (এনইএসএ) এবং কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন অব কোরিয়ার (সিএকে) প্রতিনিধিদের সঙ্গে প্রতিমন্ত্রী বৈঠক করেছেন ।


এনইএসএর সঙ্গে বৈঠকে প্রতিমন্ত্রী দক্ষিণ কোরিয়া সরকারের এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) আওতায় বাংলাদেশি কর্মীদের জন্য কাজের সুযোগ বাড়ানোর ওপর জোর দেন। নিয়মিত কর্মসংস্থানের পাশাপাশি মৌসুমি কর্মসংস্থান, কারিগরি দক্ষতা উন্নয়ন, কোরীয় ভাষা শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণে যৌথ সহযোগিতার আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, কোরিয়ার শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি তৈরিতে বাংলাদেশ প্রস্তুত।


বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈঠকে এনইএসএর প্রতিনিধিরা কোরীয় ভাষা শিক্ষা, পেশাভিত্তিক প্রশিক্ষণ ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতায় বাংলাদেশি কর্মীদের অবদান ও সম্ভাবনার কথা তুলে ধরেন। কর্মীরা যাতে কোরিয়ার কর্মপরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারেন, সে জন্য বিদেশে যাওয়ার আগে তাঁদের ব্যবহারিক কোরীয় ভাষা ও কর্মক্ষেত্রভিত্তিক প্রশিক্ষণ নিশ্চিত করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।



পরে সিএকের সঙ্গে আলাদা বৈঠকে প্রতিমন্ত্রী কোরিয়ার নির্মাণ খাতে বাংলাদেশি শ্রমিকদের যুক্ত করার আহ্বান জানান। এ ক্ষেত্রে স্থানীয় নির্মাণ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপরও জোর দেন তিনি। আন্তর্জাতিক নির্মাণ খাতে বাংলাদেশি কর্মীদের আগের অভিজ্ঞতার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কর্মীদের কারিগরি প্রশিক্ষণ ও পেশাগত নিরাপত্তায় সর্বোচ্চ মান বজায় রাখতে সরকার অঙ্গীকারবদ্ধ।


সিএক এবং কোরিয়ার শীর্ষস্থানীয় নির্মাণ প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা নির্মাণ খাতে নিরাপত্তা, কার্যকর যোগাযোগ ও নির্দিষ্ট কারিগরি জ্ঞানের গুরুত্বের কথা বলেন। তাঁদের মতে, ব্যবহারিক কোরীয় ভাষা ও নির্মাণসংক্রান্ত কারিগরি যোগ্যতা থাকলে বাংলাদেশি কর্মীদের কোরিয়ার নির্মাণশিল্পে কাজ পাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুটি বৈঠকেই প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানো, কর্মীদের প্রাক-বহির্গমন প্রস্তুতি নিশ্চিত করা এবং নতুন কর্মসংস্থানের ক্ষেত্র খোঁজার বিষয়ে দুই পক্ষের অভিন্ন অবস্থান উঠে আসে। বৈঠকে গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে কোরিয়ার সংশ্লিষ্ট দপ্তর ও সিউলে বাংলাদেশ দূতাবাসের মধ্যে নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News