ডেলিভারির পথ খুলল ৭৩৭ ম্যাক্স ১০-এর: বোয়িং
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, October 21, 2026
-বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স ১০
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) মঙ্গলবার বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স ১০ উড়োজাহাজের চূড়ান্ত সনদ দিয়েছে। ৭৩৭ ম্যাক্স পরিবারের সবচেয়ে বড় এই মডেলের ডেলিভারি এখন শুরু করতে পারবে বোয়িং। বোয়িং ও রয়টার্স এ তথ্য জানিয়েছে।
বোয়িং জানায়, আগামী কয়েক মাসের মধ্যে ডেলিভারি শুরু হবে। রয়টার্সের খবর অনুযায়ী, প্রথম উড়োজাহাজটি আগামী বছরের শুরুতে কানাডার এয়ারলাইন্স ওয়েস্টজেটকে দেওয়ার কথা।
সর্বোচ্চ ২৩০ যাত্রী বহন করতে পারে ম্যাক্স ১০। বোয়িং বলছে, দুই শ্রেণির আসনবিন্যাসে এতে সাধারণত ১৮৫ থেকে ২১০ জন যাত্রী বসতে পারে। উড়তে পারে সর্বোচ্চ ৩ হাজার ১০০ নটিক্যাল মাইল (প্রায় ৫ হাজার ৭৪০ কিলোমিটার)।
বোয়িংয়ের বাণিজ্যিক উড়োজাহাজ বিভাগের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী স্টেফানি পোপ বলেন, “সনদ পাওয়ায় আমরা এমন একটি উড়োজাহাজ সরবরাহের পথে এগোতে পারছি, যা বাণিজ্যিক বিমান চলাচলে নতুন মান তৈরি করবে।”
বোয়িং জানায়, ৩০টির বেশি গ্রাহক এ পর্যন্ত ১ হাজার ৫৫৫টি ম্যাক্স ১০-এর অর্ডার দিয়েছে। গ্রাহকদের মধ্যে আছে ইউনাইটেড, আলাস্কা, ডেল্টা ও আমেরিকান এয়ারলাইন্স এবং রায়ানএয়ার।
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি বলেন, “আমি চাই, আপনারা আরও দ্রুত উড়োজাহাজের সনদ পান।” ইউরোপ ও চীনকে টেক্কা দিতেই এ উদ্যোগ বলে তিনি জানান।
ক্যানাডার পরিবহন কর্তৃপক্ষ ও ইউরোপীয় ইউনিয়নের বিমান নিরাপত্তা সংস্থার সনদ পেতে আরও “কয়েক মাস” লাগতে পারে বলে জানিয়েছেন বোয়িংয়ের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মাইক সিনেট।
২০১৮ ও ২০১৯ সালে দুটি ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩৪৬ জন নিহত হওয়ার পর থেকে বোয়িংয়ের সনদ প্রক্রিয়া আরও কঠোর হয়েছে।
সূত্র: বোয়িংয়ের বিজ্ঞপ্তি/ রয়টার্স