শাহজালালে প্রবাসীদের জন্য ১৫০ ট্রলি দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
| Published: Tuesday, October 20, 2026
ছবি: ওহিদুজ্জামান টিটু
প্রবাসী কর্মীদের লাগেজ বহনের সুবিধার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি হস্তান্তর করেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী জানান, মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ২০০টি ট্রলি সরবরাহ করা হয়েছে। এর মধ্যে শাহজালাল বিমানবন্দরে ১৫০টি দেওয়া হলো। এর আগে চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে ২৫টি করে ট্রলি দেওয়া হয়েছিল।
জাপানে কর্মী পাঠানোর প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রচলিত 'টেকনিক্যাল ইন্টার্নশিপ' পদ্ধতির বদলে নতুন 'এমপ্লয়মেন্ট ফর স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম' (ইএসডিপি) চালু হতে যাচ্ছে। এ জন্য বাংলাদেশ ও জাপানের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।
তাঁর ভাষ্য, এতে জাপানে কর্মরত বাংলাদেশিদের সুরক্ষা নিশ্চিত হবে, কর্মী পাঠানো ও নেওয়ার ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়বে এবং দক্ষ জনবল গড়ার সুযোগ বাড়বে। কর্মীরা উচ্চ বেতন পাবেন এবং জাপানে দীর্ঘ সময় থাকার সুযোগ পাবেন বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, চুক্তি অনুযায়ী কর্মীরা জাপানের স্থানীয় শ্রমিকদের মতোই আইনি সুরক্ষা পাবেন। কর্মক্ষেত্রে নারী ও পুরুষের সমান সুযোগ থাকবে। গর্ভাবস্থা বা সন্তান জন্মদানের কারণে নারী কর্মীদের চাকরিচ্যুত করা বা তাঁদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা যাবে না। এসব কারণে কাউকে জোর করে দেশে ফেরত পাঠানোর কোনো বিধানও চুক্তিতে নেই বলে জানান মন্ত্রী।
সৌদি আরবে বোমা হামলায় নিহত দুই বাংলাদেশির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তাঁদের একজন অভিবাসী শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী। একজনের বাড়ি বগুড়ায়, অন্যজনের কুমিল্লায়। আকাশপথের যোগাযোগ ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে অগ্রাধিকার ভিত্তিতে তাঁদের মরদেহ দেশে আনা হবে।
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে মন্ত্রী জানান, সঠিক তথ্য চেয়ে রিয়াদে বাংলাদেশ দূতাবাস থেকে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। উত্তর পাওয়ার পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে বলে আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান ও শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ উপস্থিত ছিলেন। মন্ত্রণালয় ও বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন।