১৫-২০ মিনিটে লাগেজ পাচ্ছেন যাত্রীরা: মন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক
| Published: Tuesday, October 20, 2026
-কোলাজ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হওয়া লাইভ ব্যাগেজ মনিটরিং ব্যবস্থা ঘুরে দেখেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সোমবার সন্ধ্যা ৭টায় ব্যাগেজ বেল্ট এলাকায় তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের জানান, সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্তে রিয়াদগামী ফ্লাইট আপাতত বন্ধ রয়েছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রী যাত্রীদের কাছে তাঁদের যাত্রা ও লাগেজ পাওয়ার অভিজ্ঞতা জানতে চান। যাত্রীরা লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রমকে স্বাগত জানিয়ে সরকারকে ধন্যবাদ দেন এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চালু রাখার প্রত্যাশা করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছিলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’। তাঁর পরিকল্পনাগুলো ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রে বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় দুই মাস আগে যাত্রীদের জন্য লাইভ ব্যাগেজ মনিটরিং সিস্টেম চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। আজ আপনারা তার বাস্তবায়ন দেখতে পাচ্ছেন।”
তিনি আরও জানান, যাত্রীরা তাঁকে বলেছেন, ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে তাঁরা লাগেজ পেয়েছেন। যাত্রীরা এ সেবার মান ধরে রাখার প্রত্যাশা জানিয়েছেন বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, যাত্রীসেবার মান ধরে রাখা এবং বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমানোর বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।
রিয়াদগামী ফ্লাইট প্রসঙ্গে মন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী রিয়াদে ফ্লাইট চলাচল আপাতত স্থগিত আছে। সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষ অনুমোদন দিলে এ রুটে আবার ফ্লাইট চালু করা হবে। এর মধ্যে যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প ব্যবস্থা হিসেবে দাম্মাম বা মদিনা রুটে কিছু যাত্রী পরিবহনের জন্য কাজ চলছে বলে জানান তিনি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পরিদর্শনের সময় মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি এবং মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।