দেশের প্রথম এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ: শিরোপা বিমানের হাতে, রানার-আপ ইউএস-বাংলা
নিজস্ব প্রতিবেদক
| Published: Saturday, July 04, 2026
ছবি: ওহিদুজ্জামান টিটু
দেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬-এর শিরোপা জিতেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার রাজধানীর গুলশান-২-এর গুলশান ইয়ুথ ক্লাব মাঠে অনুষ্ঠিত ফাইনালে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে টাইব্রেকারে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জাতীয় পতাকাবাহী সংস্থাটি।
নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে বিমান তাদের সুযোগ কাজে লাগিয়ে জয় নিশ্চিত করে। অন্যদিকে ইউএস-বাংলা টাইব্রেকারে কোনো গোল করতে পারেনি। ফলে প্রথম আসরের শিরোপা ওঠে বিমানের হাতে।
ফাইনাল শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি চ্যাম্পিয়ন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং রানারআপ ইউএস-বাংলা এয়ারলাইন্সের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
এছাড়া, কাতার এয়ারওয়েজকে হারিয়ে টুর্নামেন্টের তৃতীয় স্থান অধিকার করে এয়ার ইন্ডিয়া।
এর আগে প্রথম সেমিফাইনালে এয়ার ইন্ডিয়াকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
দ্বিতীয় সেমিফাইনালে কাতার এয়ারওয়েজকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে ওঠে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দলের হয়ে হ্যাটট্রিক করেন এস এম জাহাঙ্গীর কবির জয়।
এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস' ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত দুই দিনব্যাপী এই ফুটসাল টুর্নামেন্ট ৩ ও ৪ জুলাই গুলশান ইয়ুথ ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়। 'ওয়ান স্কাই, ওয়ান ফিল্ড, ওয়ান চ্যাম্পিয়ন' প্রতিপাদ্যে আয়োজিত প্রতিযোগিতায় দেশি-বিদেশি ১৬টি এয়ারলাইন্স অংশ নেয়। গত শুক্রবারে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিল ও আর্জেন্টিনার রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।
আয়োজকদের মতে, বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতার লক্ষ্য ছিল ক্রীড়ার মাধ্যমে এভিয়েশন খাতের দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক, পেশাগত যোগাযোগ এবং সহযোগিতা আরও জোরদার করা।