স্কাইট্রাক্সে সেরা সিঙ্গাপুর এয়ারলাইন্স, দ্বিতীয় কাতার
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, September 19, 2026
ছবি: স্কাইট্রাক্স
২০২৬ সালের স্কাইট্রাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসে বিশ্বসেরা এয়ারলাইন্স হয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। দ্বিতীয় স্থানে আছে কাতার এয়ারওয়েজ, তৃতীয় স্থানে ক্যাথে প্যাসিফিক। পুরস্কারের আয়োজক স্কাইট্রাক্সের প্রকাশ করা ফলাফলে এ তথ্য জানা গেছে।
স্কাইট্রাক্স জানায়, ১৮ সেপ্টেম্বর লন্ডনের ল্যাংহাম হোটেলে জমকালো এক অনুষ্ঠানে ফল ঘোষণা করা হয় এবং সেখানে বিভিন্ন এয়ারলাইন্সের চেয়ারম্যান, প্রধান নির্বাহী ও প্রেসিডেন্টরা পুরস্কার গ্রহণ করেন।
১৯৯৯ সালে শুরু হওয়া এই পুরস্কারকে গণমাধ্যম প্রায়ই এভিয়েশন খাতের অস্কার বলে থাকে। স্কাইট্রাক্সের তথ্য অনুযায়ী, পুরস্কারগুলো স্বাধীন ও নিরপেক্ষ। জরিপ ও অনুষ্ঠানের পুরো খরচ তারা নিজেরাই বহন করে, কোনো পৃষ্ঠপোষক নেই।
সিঙ্গাপুর এয়ারলাইন্স এই নিয়ে ছয়বার সেরার খেতাব পেল। গত বছরের সেরা কাতার এয়ারওয়েজ এবার দ্বিতীয় হয়েছে। চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে অল নিপ্পন এয়ারওয়েজ ও তুর্কিশ এয়ারলাইন্স। প্রথম দশের বাকি পাঁচটি হলো এমিরেটস, এয়ার ফ্রান্স, হাইনান এয়ারলাইন্স, জাপান এয়ারলাইন্স ও কোরিয়ান এয়ার। থাই এয়ারওয়েজ আছে ২০তম স্থানে।
গত বছরের সেপ্টেম্বর থেকে এ বছরের আগস্ট পর্যন্ত অনলাইনে জরিপ চলে। স্কাইট্রাক্স জানায়, জরিপে ৩০০-র বেশি এয়ারলাইন্স ছিল এবং ১০০-র বেশি দেশের যাত্রীরা অংশ নেন। সন্দেহজনক ও একাধিকবার দেওয়া ভোট বাদ দেওয়া হয়েছে।
স্কাইট্রাক্সের প্রধান নির্বাহী এডওয়ার্ড প্লেইস্টেড বলেন, এ অর্জন সিঙ্গাপুর এয়ারলাইন্সের কর্মী ও ব্যবস্থাপনার জন্য "গর্ব ও অনুপ্রেরণার বড় উৎস" হওয়া উচিত। সিঙ্গাপুর এয়ারলাইন্সের প্রধান নির্বাহী গো চুন ফং যাত্রীদের আস্থার জন্য ধন্যবাদ জানান। তিনি কর্মীদের নিষ্ঠা ও পেশাদারিত্বকে এই সাফল্যের কারণ বলেছেন।
এ ছাড়া সিঙ্গাপুর এয়ারলাইন্স সেরা ইকোনমি ক্লাস এবং ইকোনমি ক্লাসের সেরা খাবারের পুরস্কারও জিতেছে।
অন্য বিভাগে কাতার এয়ারওয়েজ চারটি পুরস্কার পেয়েছে: সেরা বিজনেস ক্লাস, সেরা বিজনেস ক্লাস লাউঞ্জ, মধ্যপ্রাচ্যের সেরা এয়ারলাইন্স এবং এ বছর প্রথমবার চালু হওয়া সেরা ফ্লাইটে ওয়াই-ফাই। ক্যাথে প্যাসিফিক সেরা কেবিন ক্রু এবং সেরা ফার্স্ট ক্লাস লাউঞ্জের পুরস্কার পেয়েছে।
এছাড়া, এয়ার ফ্রান্স জিতেছে সেরা ফার্স্ট ক্লাস এবং পশ্চিম ইউরোপের সেরা এয়ারলাইন্সের খেতাব। পরিবারের জন্য সবচেয়ে উপযোগী এয়ারলাইন্স ও সেরা প্রিমিয়াম ইকোনমি ক্লাস হয়েছে ইভিএ এয়ার। স্টারলাক্স এয়ারলাইনস সবচেয়ে পরিচ্ছন্ন এয়ারলাইন্সের পুরস্কার পেয়েছে এবং টানা দ্বিতীয় বছর ফাইভ স্টার রেটিং ধরে রেখেছে। সেরা এয়ারলাইন জোটের খেতাব পেয়েছে ওয়ানওয়ার্ল্ড।
লো-কস্ট এয়ারলাইন্সের মধ্যে সেরা হয়েছে এয়ারএশিয়া। স্কাইট্রাক্স জানায়, ২০১০ সাল থেকে প্রতিবছর তারা এই পুরস্কার পাচ্ছে। দূরপাল্লার সেরা কম খরচের এয়ারলাইন্স হয়েছে স্কুট।
দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত ও দক্ষিণ এশিয়ার সেরা লো-কস্ট এয়ারলাইন্স হয়েছে ইন্ডিগো। সবচেয়ে উন্নতি করা এয়ারলাইন্সের তালিকায় শীর্ষে আছে ইজিপ্টএয়ার। দ্বিতীয় স্থানে এয়ার ইন্ডিয়া।
আফ্রিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং মধ্য এশিয়ার আঞ্চলিক বিজয়ীদের নামও ঘোষণায় রয়েছে। ক্যাটাগরিভিত্তিক পূর্ণাঙ্গ তালিকা পাওয়া যাবে worldairlineawards.com ওয়েবসাইটে।
সূত্র: স্কাইট্রাক্স