Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

লস অ্যাঞ্জেলেসে নিউজ হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, September 16, 2026
লস অ্যাঞ্জেলেসে নিউজ হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মঙ্গলবার সন্ধ্যায় একটি টেলিভিশন নিউজ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে আরও দুজনকে। বিবিসির বরাত দিয়ে জানা গেছে, লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট এ তথ্য নিশ্চিত করেছে।


এনবিসি লস অ্যাঞ্জেলেস জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি তাদের নিজস্ব "নিউজচপার ফোর", যা টেলিমুন্ডো ৫২-এর হয়েও কাজ করত। শহরের চ্যাটসওয়ার্থ এলাকায় একটি পৃথক বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু আগে দুটি বাণিজ্যিক ভবনের মাঝখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।


লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ জানিয়েছে, হেলিকপ্টারে ঠিক কতজন ছিলেন তা এখনো নিশ্চিত নয়, নিহতদের পরিচয়ও প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার আগুন ছড়িয়ে পড়ে চারটি গাড়ি ও দুটি স্টোরেজ কনটেইনারে, ঘটনাস্থলে কাজ করেন সত্তরের বেশি দমকলকর্মী।


এনবিসি৪-এর সংবাদ উপস্থাপক কলিন উইলিয়ামস সরাসরি সম্প্রচারে জানান, তাদের হেলিকপ্টার ক্রুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত হয়। ফায়ার ক্যাপ্টেন ব্র্যান্ডেন সিলভারম্যান স্থানীয় সিবিএস অনুমোদিত চ্যানেলকে বলেন, হেলিকপ্টারের বাইরে পাওয়া একজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।


উল্লেখ্য, এদিন সকালে চ্যাটসওয়ার্থে একটি এসইউভি শহরের বাসে ধাক্কা দিলে দুজন নিহত ও ছয়জন আহত হন। সেই দুর্ঘটনার খবর সংগ্রহ করতে গিয়েই একাধিক নিউজ হেলিকপ্টার এলাকায় অবস্থান করছিল।


লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাস ও ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসামসহ স্থানীয় ও রাজ্য পর্যায়ের কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতদের পরিবার ও এনবিসি৪ টিমের প্রতি সমবেদনা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) ঘটনার তদন্তে যুক্ত হচ্ছে বলে জানা গেছে।


সূত্র: বিবিসি নিউজ

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News