মাসে ১,৮২৮ টাকায় কক্সবাজার: নভোএয়ারের শরৎকালীন প্যাকেজ
নিজস্ব প্রতিবেদক
| Published: Saturday, September 19, 2026
শরৎকালীন কক্সবাজার ভ্রমণ প্যাকেজ ঘোষণা করেছে এয়ারলাইন্স নভোএয়ার। মাসিক ১,৮২৮ টাকার কিস্তিতে এই প্যাকেজ কেনা যাবে বলে শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বেসরকারি এয়ারলাইন্সটি।
তিন দিন দুই রাতের এই প্যাকেজে এখন থেকে আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত ভ্রমণ করা যাবে। এর আওতায় থাকছে হোটেলে থাকা, কক্সবাজারে যাওয়া-আসার এয়ার টিকিট (সব ধরনের ট্যাক্সসহ), বিমানবন্দর থেকে হোটেলে যাওয়া-আসার ব্যবস্থা এবং সকালের নাস্তা। প্যাকেজ কিনতে হবে দুজনের জন্য।
ছয় মাসের কিস্তিতে দাম পরিশোধ করা যাবে। এতে কোনো বাড়তি চার্জ বা ফি লাগবে না। এই সুবিধা পাবেন দেশের শীর্ষস্থানীয় ২২টি ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা। তালিকায় আছে ইস্টার্ন ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ।
প্যাকেজে কক্সবাজারের ১৮টি হোটেলের যেকোনো একটি বেছে নেওয়া যাবে। নভোএয়ার জানিয়েছে, এর মধ্যে পাঁচ তারকা থেকে শুরু করে আধুনিক মানের হোটেল রয়েছে। তালিকায় আছে হোটেল রামাদা, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল, লং বিচ হোটেল, হোটেল গ্র্যান্ড প্যাসিফিক ও স্বপ্নীল সিন্ধু বাংলাদেশ নেভি ফ্লিট ক্লাব।
হোটেল ও রুমের ধরন এবং ভ্রমণকারীর সংখ্যা অনুযায়ী প্যাকেজের দাম আলাদা হবে। বিজ্ঞপ্তিতে মোট দাম জানানো হয়নি।
কক্সবাজারের পাশাপাশি নভোএয়ার বর্তমানে প্রতিদিন চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুরেও ফ্লাইট চালাচ্ছে।