ঢাকা-নিউ ইয়র্ক রুটে ফিরছে ইতিহাদ, জুন থেকে সপ্তাহে ৪ ফ্লাইট
ডেস্ক রিপোর্ট
| Published: Tuesday, May 12, 2026
ছবি: সংগৃহীত
প্রায় আড়াই বছর পর আবারও ঢাকা-নিউ ইয়র্ক রুটে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ। আগামী জুন মাস থেকে ঢাকা-আবুধাবি-নিউ ইয়র্ক রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু হবে বলে জানিয়েছে ইতিহাদ কর্তৃপক্ষ।
সোমবার নিউ ইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন এয়ারলাইন্সটির কর্মকর্তারা। জানানো হয়, প্রাথমিকভাবে অক্টোবর পর্যন্ত প্রতি সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করা হবে। যাত্রী চাহিদা সন্তোষজনক হলে ভবিষ্যতে এই সেবা স্থায়ীভাবে চালু রাখা হবে।
ইতিহাদের গ্লোবাল সেলস ম্যানেজার মোহাম্মদ আনোয়ার বলেন, যাত্রীদের সুবিধা ও চাহিদার কথা বিবেচনায় রেখেই পুনরায় এ রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে কোম্পানির সেলস ডিরেক্টর এম বরকত আলী জানান, ঢাকা থেকে মধ্যপ্রাচ্য হয়ে নিউ ইয়র্কগামী অন্যান্য এয়ারলাইন্সের তুলনায় ইতিহাদের ভাড়া তুলনামূলক কম। পাশাপাশি উন্নত সেবা ও আরামদায়ক আসন বিন্যাস যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় করবে বলেও তিনি উল্লেখ করেন।