ঢাকায় কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র চালু করল ভিএফএস গ্লোবাল
ছবি: ভিএফএস গ্লোবাল
বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা সেবা চালু করেছে বিশ্বব্যাপী ভিসা আবেদন সংক্রান্ত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল। বুধবার রাজধানীর বনানীতে একটি নতুন কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র উদ্বোধনের মধ্য দিয়ে এই সেবা চালু হলো।
রাজধানীর বনানী এলাকায় স্থাপিত এই কেন্দ্রটি যৌথভাবে উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন এবং ভিএফএস গ্লোবালের দক্ষিণ এশিয়ার চিফ অপারেটিং অফিসার ইউমি তালওয়ার। এ সময় কোরিয়ান দূতাবাসের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভিএফএস গ্লোবাল জানিয়েছে, দেশের যেকোনো প্রান্তের আবেদনকারীরা এখন অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে এই কেন্দ্রে গিয়ে ভিসার আবেদন জমা দিতে পারবেন। কেন্দ্রটি সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে।
ইউমি তালওয়ার বলেন, নতুন এই কেন্দ্র বাংলাদেশের ভ্রমণকারীদের ভিসা আবেদন জমা দেওয়ার অভিজ্ঞতাকে আরও সহজ করে তুলবে। প্রশস্ত ও কেন্দ্রীয়ভাবে অবস্থিত কেন্দ্রটিতে প্রশিক্ষিত কর্মীরা আবেদনকারীদের সহায়তা করবেন বলে তিনি জানান।
২০১১ সাল থেকে দক্ষিণ কোরিয়া সরকারের হয়ে ভিসা প্রক্রিয়াকরণ সেবা দিয়ে আসছে ভিএফএস গ্লোবাল। প্রতিষ্ঠানটি বর্তমানে পাঁচটি দেশে সাতটি কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র পরিচালনা করছে।
ভিএফএস গ্লোবাল স্পষ্ট করে জানিয়েছে, তাদের কাজ কেবল প্রশাসনিক পর্যায়ে সীমাবদ্ধ -- আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ এবং সিদ্ধান্তের পর পাসপোর্ট ফেরত দেওয়া পর্যন্তই। ভিসা মঞ্জুর বা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত পুরোপুরি সংশ্লিষ্ট দূতাবাসের এখতিয়ারভুক্ত।
ভিসা সংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য আবেদনকারীদের কেবল দূতাবাস ও ভিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট বুকিং করা যাবে visaforkorea-bd.com ওয়েবসাইটে।
জুরিখ ও দুবাইভিত্তিক ভিএফএস গ্লোবাল বিশ্বের ৭১টি সরকারের সঙ্গে কাজ করে বলে জানিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, ১৬৯টি দেশে তাদের চার হাজার দুইশর বেশি আবেদন কেন্দ্র রয়েছে এবং ২০০১ সাল থেকে তারা ৫৫৭ মিলিয়নের বেশি লেনদেন প্রক্রিয়াজাত করেছে।