দক্ষ এয়ার ট্রাফিক কন্ট্রোলার গড়তে এটিসি বেসিক কোর্স-৩৬ শুরু
জ্যেষ্ঠ প্রতিবেদক
| Published: Sunday, August 23, 2026
দেশের আকাশপথে নিরাপদ ও সুশৃঙ্খল উড়োজাহাজ চলাচল নিশ্চিত করতে দক্ষ এয়ার ট্রাফিক কন্ট্রোলার তৈরির লক্ষ্যে সিভিল এভিয়েশন একাডেমিতে শুরু হয়েছে এটিসি বেসিক কোর্স নম্বর-৩৬। রোববার সকাল ১০টায় ২৭ সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (এটিএম) এয়ার কমডোর মোঃ নূর-ই-আলম।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বিমান চলাচল ব্যবস্থায় এয়ার ট্রাফিক কন্ট্রোল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল একটি কাজ। প্রতিদিন আকাশপথে অসংখ্য উড়োজাহাজ বিভিন্ন গন্তব্যে চলাচল করে, আর এসব উড়োজাহাজের মধ্যে নিরাপদ দূরত্ব রাখা, ওঠানামায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া এবং আকাশপথ সুশৃঙ্খলভাবে পরিচালনায় প্রশিক্ষিত কন্ট্রোলারদের ভূমিকা অপরিহার্য।
তিনি আরও বলেন, দেশের বিমান চলাচল খাতের বাড়তি চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দক্ষ জনবল তৈরিতে আধুনিক ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এমন প্রশিক্ষণ ভবিষ্যৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের পেশাগত দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।
অনুষ্ঠানের শুরুতে প্রশিক্ষণার্থী ও অতিথিদের স্বাগত জানান সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী। তিনি বলেন, বিমান চলাচল ব্যবস্থাকে আরও নিরাপদ, আধুনিক ও কার্যকর করতে দক্ষ ও প্রশিক্ষিত জনবল দরকার। প্রশিক্ষণার্থীদের আন্তরিকতা, শৃঙ্খলা ও পেশাগত দায়িত্ববোধ নিয়ে প্রশিক্ষণ নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেবিচকের পরিচালক (এটিএম) মো. সামছুল হক। এ সময় সিভিল এভিয়েশন একাডেমি ও বেবিচকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এটিসি বেসিক কোর্স নম্বর-৩৬-এ মোট ১৪ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন, যাদের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর আটজন এবং বেবিচকের ছয়জন। আগামী ২৭ সপ্তাহ তারা এয়ার ট্রাফিক কন্ট্রোল ও ম্যানেজমেন্টের বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ নেবেন।
বেবিচক সংশ্লিষ্টদের মতে, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ এয়ার ট্রাফিক কন্ট্রোলার তৈরি হলে তা দেশের ক্রমবর্ধমান বিমান চলাচল ব্যবস্থাপনা ও নিরাপদ আকাশপথ নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।