দক্ষ না হলে সংখ্যা বাড়িয়ে লাভ নেই: প্রবাসী কল্যাণ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
| Published: Thursday, October 01, 2026
ছবি: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দক্ষ না হয়ে বিদেশে গেলে শুধু সংখ্যা বাড়িয়ে দেশের কোনো লাভ হবে না। বৃহস্পতিবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কর্মীদের লাগেজ বহনের ট্রলি সেবার উদ্বোধন ও প্রবাসী কল্যাণ ডেস্ক পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, "বিদেশগামী কর্মীদের অবশ্যই দক্ষ হয়ে প্রবাসে যেতে হবে।" দক্ষ কর্মী পাঠাতে না পারলে লাখ লাখ কর্মী পাঠিয়েও দেশের প্রকৃত কোনো লাভ হবে না বলে জানান তিনি।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
পরিদর্শনকালে মন্ত্রী বিদেশগামী যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন। তাঁদের সুযোগ-সুবিধা, চাহিদা ও ভোগান্তির বিষয়ে খোঁজখবর নেন।
বিমানবন্দর কর্তৃপক্ষকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, প্রবাসী কর্মীদের জন্য দ্রুত একটি জরুরি চিকিৎসা কেন্দ্র স্থাপন করতে হবে। এর জন্য জায়গা বাছাইয়ের নির্দেশ ইতোমধ্যে দেওয়া হয়েছে। প্রবাসী কর্মীদের প্রয়োজনীয় সব সুবিধা দিতে সরকার পুরোপুরি প্রস্তুত বলেও জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, সময়সূচি বিপর্যয় বা ফ্লাইট বিলম্বে প্রবাসী যাত্রীদের অনেক সময় চরম ভোগান্তিতে পড়তে হয়। বিমানবন্দর শহর থেকে দূরে হওয়ায় তাঁদের থাকা-খাওয়ার সমস্যা আরও বাড়ে। এ সমস্যা দূর করতে বিমানবন্দরের পাশে একটি রেস্টহাউস নির্মাণের পরিকল্পনা রয়েছে, যাতে যাত্রীরা যেকোনো পরিস্থিতিতে স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন।
পরে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার গঠনের পর গত সাত মাসে মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও প্রায় ৪ লাখ ৩৪ হাজার কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। সামনের দিনগুলোতে শ্রমবাজারে আরও ভালো ফল পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রবাসীদের আইনি সহায়তা জোরদার করতে একটি প্রস্তাব দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। মন্ত্রী প্রস্তাবটি গুরুত্ব দিয়ে বিবেচনার কথা জানান এবং প্রবাসীদের আইনি সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়, চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিমানবন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।