এয়ার এ্যাস্ট্রার বহরে তৃতীয় নতুন এটিআর, মোট ছয়
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, October 01, 2026
বাংলাদেশের সর্বকনিষ্ঠ বেসরকারি এয়ারলাইন্স এয়ার এ্যাস্ট্রা তাদের বহরে তৃতীয় নতুন এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ যুক্ত করেছে। এর ফলে মাত্র তিন মাসের কিছু বেশি সময়ে এয়ারলাইন্সটির বহর দ্বিগুণ হয়ে ছয়টি উড়োজাহাজে দাঁড়াল।
বুধবার (৩০ সেপ্টেম্বর) এস২-এসটিএফ (এমএসএন-১৮২৩) নিবন্ধনের নতুন উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এর আগে বহরে যুক্ত হয়েছিল এমএসএন-১৭৪২ ও এমএসএন-১৮২২ নম্বরের আরও দুটি নতুন এটিআর ৭২-৬০০। পরপর তিনটি নতুন প্রজন্মের উড়োজাহাজ যুক্ত হওয়ায় আধুনিক, দক্ষ ও নির্ভরযোগ্য বহর গড়ে তোলার ব্যাপারে এয়ারলাইন্সটির প্রতিশ্রুতি আরও জোরালো হলো বলে জানিয়েছে এয়ার এ্যাস্ট্রা।
এয়ার এ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ বলেন, "তৃতীয় নতুন এটিআর ৭২-৬০০ যুক্ত হওয়া আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এস২-এসটিএফের আগমনে মাত্র তিন মাসের কিছু বেশি সময়ে আমরা বহর দ্বিগুণ করে ছয়টি উড়োজাহাজে নিয়ে গেছি। এই অর্জন আমাদের পুরো টিমের নিষ্ঠা ও পরিশ্রম এবং যাত্রী ও অংশীদারদের আস্থার প্রতিফলন। বহর ও নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি দেশের মানুষের জন্য নিরাপদ, নির্ভরযোগ্য, আরামদায়ক ও দক্ষ আকাশপথে ভ্রমণ নিশ্চিত করতে আমরা কাজ করে যাব।"
নতুন যুক্ত এটিআর ৭২-৬০০ এ রয়েছে সর্বাধুনিক প্র্যাট অ্যান্ড হুইটনি পিডব্লিউ১২৭এক্সটি ইঞ্জিন। এতে আছে ৭২টি গেভেন নিও প্রেস্টিজ আসন। এয়ারলাইন্সটির দাবি, এটি অভ্যন্তরীণ নেটওয়ার্কে তাদের অপারেশনাল সক্ষমতা বাড়ানোর পাশাপাশি যাত্রীদের আরও আরামদায়ক ও আধুনিক ভ্রমণ অভিজ্ঞতা দিতে সহায়ক হবে। দেশে অভ্যন্তরীণ আকাশপথে ভ্রমণের চাহিদা বাড়ছে, নতুন উড়োজাহাজ সেই চাহিদা মেটাতেও ভূমিকা রাখবে। একই সঙ্গে ভবিষ্যতে বহর ও নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনাও এতে আরও শক্ত হবে।
এয়ার এ্যাস্ট্রা এখন পরবর্তী পর্যায়ের প্রবৃদ্ধির প্রস্তুতিও নিচ্ছে। আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু করতে এয়ারলাইন্সটি বহরে ন্যারোবডি (একটি করিডোরবিশিষ্ট) উড়োজাহাজ যুক্ত করার প্রক্রিয়ায় রয়েছে। প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদন ও অপারেশনাল প্রস্তুতি সম্পন্ন হলে ২০২৭ সালের প্রথম প্রান্তিকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর লক্ষ্য রয়েছে তাদের।
ছয়টি উড়োজাহাজের বহর নিয়ে এয়ার এ্যাস্ট্রা এখন দেশের গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোর মধ্যে আকাশপথে যোগাযোগ আরও জোরদার করছে। নতুন ন্যারোবডি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনাকে ভবিষ্যৎ প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক আকাশপথে বিস্তারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে এয়ারলাইন্সটি।