দলের জন্য নয়, দেশের স্বার্থে কাজ করার আহ্বান বিমানমন্ত্রীর
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, June 14, 2026
সরকারী কর্মচারীদের কোনো দলের জন্য নয়, বরং দেশের স্বার্থে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রবিবার সকাল ১০ টায় মানিকগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এই আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশ আরও এগিয়ে যাবে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের আগের যেকোনো সময়ের তুলনায় আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে এ আন্দোলনে অংশ নিতে হবে।
আফরোজা আরও বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থান নিতে হবে। পাশাপাশি শিশুদের বিনোদন ও সুস্থ বিকাশের স্বার্থে খেলার মাঠগুলো সংরক্ষণের জন্য জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
তিনি উল্লেখ করেন, সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সমর্থনের কারণেই বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। এ সময় তিনি সরকারি কর্মচারীদের উদ্দেশে বলেন, কোনো দলের জন্য নয়, বরং দেশের স্বার্থে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
সভায় মানিকগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।