Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

দুবাই পাঠাতে বাছাই হচ্ছে ১০০ ভিডিপি সদস্য

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, November 25, 2026
দুবাই পাঠাতে বাছাই হচ্ছে ১০০ ভিডিপি সদস্য

দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সগার্ড গ্রুপ এলএলসিতে কর্মসংস্থানের জন্য ১০০ জন ভিডিপি সদস্য বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। শাটারিং কার্পেন্টার, রাজমিস্ত্রি ও স্টিল ফিক্সার— এই তিন ক্যাটাগরিতে কর্মী নির্বাচন করা হচ্ছে। এ প্রক্রিয়ায় প্রার্থীদের কাগজপত্র যাচাই ও নেওয়া হচ্ছে সংক্ষিপ্ত মৌখিক পরীক্ষা।


আজ আনসার ও ভিডিপি সদর দপ্তর, খিলগাঁওয়ে ১৩৯ জন প্রশিক্ষিত ভিডিপি সদস্যের মধ্য থেকে এসব কর্মী নির্বাচন কার্যক্রম উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। বাংলাদেশ আনসার ও ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি এবং রিক্রুটিং এজেন্সি ম্যান ফোর্স বাংলাদেশের সমন্বয়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।


অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, বৈদেশিক কর্মসংস্থানে অদক্ষ জনশক্তির পরিবর্তে প্রশিক্ষিত ও দক্ষ কর্মী পাঠানো বাহিনীর অন্যতম অগ্রাধিকার। ট্রান্সগার্ড গ্রুপে প্রায় ৫ হাজার কর্মীর চাহিদার বিপরীতে ৬০ দিনের নিবিড় প্রশিক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে প্রথম ধাপের কর্মী নির্বাচন করা হচ্ছে।


তিনি বলেন, দালালচক্রের প্রতারণা ও আর্থিক ক্ষতি থেকে প্রান্তিক জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে সরাসরি যোগাযোগ, ডিজিটাল ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহির ভিত্তিতে স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করা হচ্ছে।


মহাপরিচালক আরও বলেন, বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে সংযুক্ত আরব আমিরাত ও ইতালির রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। জাপান ও ইউরোপের শ্রমবাজারেও ভিডিপি সদস্যদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হয়েছে।


তিনি জানান, সারাদেশ থেকে বাছাই করা আরও প্রায় ১ হাজার প্রশিক্ষিত সদস্য বিদেশে কর্মসংস্থানের অপেক্ষায় রয়েছেন। বর্তমান নির্বাচিত সদস্যদের কর্মক্ষেত্রে দক্ষতা ও সুনাম আন্তর্জাতিক শ্রমবাজারে পরবর্তী সদস্যদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে পারে।


বিদেশগামী সদস্যদের উদ্দেশে মহাপরিচালক বলেন, বিদেশের কর্মক্ষেত্রে প্রত্যেক সদস্য দেশের ভাবমূর্তির প্রতিনিধিত্ব করবেন। তাই তাদের শৃঙ্খলা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের শর্ত মেনে চলতে হবে।


অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, চাকরিপ্রার্থী সদস্য ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News