Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

মায়ামি বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে গেল ফেডেক্সের কার্গো উড়োজাহাজ, ফ্লাইট চলাচল বিঘ্ন

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, November 26, 2026
মায়ামি বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে গেল ফেডেক্সের কার্গো উড়োজাহাজ, ফ্লাইট চলাচল বিঘ্ন

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেছে ফেডেক্সের একটি কার্গো উড়োজাহাজ। বুধবার স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে বিমানবন্দরের ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) বরাত দিয়ে ফক্স৫ এ তথ্য জানিয়েছে।


বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ম্যাকডোনেল ডগলাস এমডি-১১ মডেলের উড়োজাহাজটি ২৬আর রানওয়ে থেকে ছিটকে যায়। খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে এ ঘটনায় কেউ আহত হননি।


এফএএর এক সতর্কবার্তা অনুযায়ী, উড়োজাহাজটি অচল হয়ে পড়ায় বুধবার রাত ৮টা ১৬ মিনিট থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়।


এফএএ জানিয়েছে, উড়োজাহাজটি মেমফিসের ফ্রেডরিক ডব্লিউ স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মায়ামির উদ্দেশে যাত্রা করেছিল। ফেডেক্সও এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানায়, তাদের ফ্লাইট ৯১০ বুধবার সন্ধ্যায় মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় সমস্যায় পড়ে। তবে উড়োজাহাজের সব ক্রু নিরাপদে আছেন।


এ ঘটনায় এক হাজারের বেশি ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। ফ্লাইটগুলোর গড় বিলম্ব ছিল ৪৪ মিনিট। কোনো কোনো ফ্লাইটের বিলম্ব ৭৮ মিনিট পর্যন্ত হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটি অচল হয়ে পড়া এবং রানওয়ে ও ট্যাক্সিওয়ের অবস্থার কারণে এই পরিস্থিতি তৈরি হয়।


বুধবার রাতে যাঁদের ফ্লাইট ছিল, তাঁদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে মায়ামি বিমানবন্দর কর্তৃপক্ষ।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News