Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

সব ফ্লাইট স্থগিত করল নর্স আটলান্টিক, দেউলিয়া হওয়ার শঙ্কা

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, November 26, 2026
সব ফ্লাইট স্থগিত করল নর্স আটলান্টিক, দেউলিয়া হওয়ার শঙ্কা

সংগৃহীত

সব ফ্লাইট স্থগিত করেছে নরওয়েভিত্তিক এয়ারলাইন নর্স আটলান্টিক এয়ারওয়েজ। জরুরি ভিত্তিতে অর্থায়ন নিশ্চিত করতে না পারলে দেউলিয়া হওয়ার আবেদন করার পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।


বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে এ তথ্য জানায় এয়ারলাইনটি। এর আগের দিন তারা জানিয়েছিল, তাদের আর্থিক অবস্থা সংকটজনক।


লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর ও যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন গন্তব্যে দীর্ঘপাল্লার ফ্লাইট পরিচালনা করে নর্স আটলান্টিক। জেট ফুয়েলের দাম বেড়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক চাপে পড়েছে প্রতিষ্ঠানটি। গত ফেব্রুয়ারিতে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর জ্বালানির দাম বেড়ে যায়। এতে এয়ারলাইনটির পরিচালন ব্যয়ও বেড়েছে।


অসলো স্টক এক্সচেঞ্জে দেওয়া বিবৃতিতে নর্স বলেছে, জরুরি ভিত্তিতে স্বল্পমেয়াদি অর্থায়নের ব্যবস্থা করা না গেলে দেউলিয়া হওয়ার আবেদন করবে পরিচালনা পর্ষদ। অর্থায়নের জন্য বিভিন্ন বিকল্প খতিয়ে দেখার পাশাপাশি সম্ভাব্য অধিগ্রহণের বিষয়ে বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চলছে। তবে কার্যকর কোনো সমাধান পাওয়া যাবে, এমন নিশ্চয়তা নেই।


২০২১ সালে প্রতিষ্ঠিত হয় নর্স আটলান্টিক এয়ারওয়েজ। দীর্ঘপাল্লার কম খরচের ফ্লাইট পরিচালনার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। তাদের বহরে রয়েছে ১২টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ।


এর আগে চলতি বছরের গ্রীষ্মে প্রতিষ্ঠানটি সম্ভাব্য বিক্রি বা অন্য প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত হওয়ার বিষয়টি খতিয়ে দেখার কথা জানায়। ব্যয় কমাতে ‘প্রজেক্ট ফ্যালকন’ নামে কর্মসূচিও শুরু করে তারা। এর মাধ্যমে ৫ কোটি ডলার সাশ্রয়ের লক্ষ্য নেওয়া হয়। এ কর্মসূচির আওতায় প্রায় ৭৫টি পদ বিলুপ্ত করার পরিকল্পনা ছিল।


এ ছাড়া ব্যয় কমাতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় নরওয়ে থেকে লাটভিয়ায় স্থানান্তর করা হয়। পদ ছাড়েন প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা বিজর্ন তোরে লারসেন।


ফ্লাইট স্থগিতের ঘটনায় যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে এয়ারলাইনটি। তাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়েছে প্রতিষ্ঠানটি।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News