Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

একটানা ২৪ ঘণ্টা ২৪ মিনিট উড়ে রেকর্ড গড়ল কান্টাসের এ৩৫০

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, July 29, 2026
একটানা ২৪ ঘণ্টা ২৪ মিনিট উড়ে রেকর্ড গড়ল কান্টাসের এ৩৫০

ছবি: সংগৃহীত

মেলবোর্ন থেকে ফ্রান্সের তুলুজ পর্যন্ত টানা ২৪ ঘণ্টা ২৪ মিনিট উড়ে বাণিজ্যিক বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ফ্লাইটের রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়ার এয়ারলাইন্স কান্টাস। মঙ্গলবার এয়ারবাসের একটি এ৩৫০ উড়োজাহাজ এই যাত্রা সম্পন্ন করে।


কান্টাসের "প্রজেক্ট সানরাইজ" পরিকল্পনার অংশ হিসেবে এই পরীক্ষামূলক ফ্লাইট চালানো হয়। এই প্রকল্পের আওতায় নতুন এ৩৫০ উড়োজাহাজ দিয়ে অস্ট্রেলিয়া থেকে লন্ডন পর্যন্ত সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করছে এয়ারলাইন্সটি।


বিশেষভাবে তৈরি এ৩৫০-১০০০ইউএলআর মডেলের এই উড়োজাহাজ দিয়ে ২০২৭ সাল থেকে সিডনি-লন্ডন সরাসরি রুট চালু করার কথা রয়েছে। জুন মাস থেকে এই উড়োজাহাজের ওপর দুই মাসব্যাপী পরীক্ষা চালাচ্ছে এয়ারবাস।


এয়ারবাস জানিয়েছে, অতিরিক্ত জ্বালানি ট্যাংকযুক্ত এই উড়োজাহাজটি প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে কোনো যাত্রাবিরতি ছাড়াই ২৩ হাজার ৭৫ কিলোমিটার (১৪ হাজার ৩৩৮ মাইল) পাড়ি দিয়ে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর তুলুজে এয়ারবাসের কারখানায় অবতরণ করে।


মঙ্গলবারের এই ফ্লাইটকে বাণিজ্যিক বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম বলে মনে করা হচ্ছে। এর আগে ২০০৫ সালে বোয়িং ৭৭৭-২০০এলআর মডেলের একটি উড়োজাহাজ প্রশান্ত মহাসাগর হয়ে হংকং থেকে লন্ডন পর্যন্ত ২২ ঘণ্টা ৪২ মিনিটে উড়ে যে রেকর্ড গড়েছিল, তা এবার ভাঙল কান্টাসের এই ফ্লাইট।


গত সপ্তাহে পরিচালিত আরেকটি পরীক্ষামূলক ফ্লাইটে ভারত মহাসাগর হয়ে তুলুজ থেকে মেলবোর্ন পর্যন্ত মাত্র ১৯ ঘণ্টার কিছু বেশি সময়ে পৌঁছায় উড়োজাহাজটি।


ফ্লাইট-ট্র্যাকিং সেবাদাতা প্রতিষ্ঠান ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, তাদের চ্যানেলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি অনুসরণ করা ফ্লাইটগুলোর মধ্যে এটি দ্বিতীয় স্থানে রয়েছে। এর আগে ২০২২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন বহনকারী ফ্লাইট সবচেয়ে বেশি অনুসরণ করা হয়েছিল। কানাডার আকাশপথ ধরে উত্তর দিকে অগ্রসর হওয়া এই ফ্লাইটটি অনুসরণ করেছেন ৩৬ লাখেরও বেশি মানুষ।


কান্টাস ইতিমধ্যে মোডিফাইড মডেলের ১২টি এ৩৫০-১০০০ইউএলআর উড়োজাহাজের অর্ডার দিয়েছে, যেগুলো দিয়ে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল থেকে লন্ডন ও নিউইয়র্ক পর্যন্ত প্রায় ২০ ঘণ্টায় সংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে।


এই সেবা চালু হলে "ক্যাঙ্গারু রুট" নামে পরিচিত লন্ডনের যাত্রা, যা একসময় পাঁচ দিন সময় নিত, তা রুট ও আবহাওয়ার ওপর নির্ভর করে ১৯ থেকে ২১ ঘণ্টার একটানা ফ্লাইটে নেমে আসবে।


২০ হাজার লিটার অতিরিক্ত জ্বালানি ধারণক্ষমতাসম্পন্ন এবং ২৩৮ জন যাত্রী বহনে সক্ষম প্রথম উড়োজাহাজটি ২০২৭ সালের এপ্রিল মাসে হস্তান্তর করা হবে বলে জানা গেছে। কান্টাস আশা করছে, ২০২৭ সালের অক্টোবর থেকে সিডনি ও লন্ডনের মধ্যে প্রতিদিন সরাসরি ফ্লাইট পরিচালনা করবে তারা।


সূত্র: দ্য গার্ডিয়ান

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News