এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি, আসছে ১০ উড়োজাহাজ
জ্যেষ্ঠ প্রতিবেদক
| Published: Thursday, October 08, 2026
ছবি: ওহিদুজ্জামান টিটু
ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা এয়ারবাসের সঙ্গে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর করেছে জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স বিমান বাংলাদেশ। এর মধ্যে চারটি এ৩৫০-৯০০ ওয়াইডবডি এবং ছয়টি এ৩২১নিও ন্যারোবডি। এই চুক্তির পর এয়ারলাইন্সটির দীর্ঘমেয়াদি কর্মসূচিতে মোট উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল ৩৫টিতে।
রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের উৎসব হলে বুধবার সন্ধ্যায় 'স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার' শীর্ষক অনুষ্ঠানে চুক্তিতে সই হয়। এয়ারবাসের পক্ষে সই করেন এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জার্গেন ওয়েস্টারমায়ার। বিমানের পক্ষে সই করেন এয়ারলাইন্সটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী এ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ ছাড়া ছিলেন ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার এবং বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল আহমেদ।
পরিকল্পনা অনুযায়ী, চারটি এ৩৫০-৯০০ উড়োজাহাজ চলবে দীর্ঘপাল্লার রুটে। ছয়টি এ৩২১নিও ব্যবহার করা হবে আঞ্চলিক ও মধ্যমপাল্লার রুটে। এয়ারবাসের উড়োজাহাজ যুক্ত হলে বিমানের বহর ধীরে ধীরে বোয়িং ও এয়ারবাস দুই নির্মাতার উড়োজাহাজের মিশ্র বহরে পরিণত হবে। আগামী এক দশকে সক্ষমতা ও রুট নেটওয়ার্ক বাড়ানোর প্রস্তুতি হিসেবেই এ উদ্যোগ।
এয়ারবাসের আগে বিমান ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে সম্মত হয়েছিল। এর মধ্যে আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি ৭৩৭-৮। পরে কর্মসূচিতে আরও ১১টি বোয়িং যুক্ত হয়, যার মধ্যে পাঁচটি ৭৮৭-১০ এবং ছয়টি ৭৩৭-৮। এতে বোয়িংয়ের মোট সংখ্যা হয় ২৫।
এয়ারবাসের ১০টি যোগ হওয়ায় এখন মোট ৩৫টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১৯টি ওয়াইডবডি এবং ১৬টি ন্যারোবডি। এতে দীর্ঘপাল্লা, আঞ্চলিক এবং স্বল্প ও মধ্যমপাল্লার রুটে চাহিদা অনুযায়ী উড়োজাহাজ নামানোর সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
এদিকে নতুন উড়োজাহাজ আসা শুরুর আগে স্বল্পমেয়াদি চাহিদা মেটাতে উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়টিও বিবেচনা করছে বিমান।