ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইন্দোনেশিয়ার
নিজস্ব প্রতিবেদক
| Published: Thursday, October 08, 2026
ইন্দোনেশিয়ার পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী আনিস মাত্তা ঢাকা ও জাকার্তার মধ্যে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব জানিয়েছেন। সৌদি আরবগামী ইন্দোনেশীয় যাত্রীদের জন্য ঢাকাকে একটি সম্ভাব্য ট্রানজিট হাব হিসেবে ব্যবহারের প্রস্তাব দিয়েছনে তিনি।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে তিনি এই প্রস্তাব দেন।
মাত্তা বলেন, উন্নত আকাশপথের যোগাযোগ ব্যবস্থা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে এবং বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে মানুষের যাতায়াত সহজতর করতে সহায়তা করতে পারে।
তিনি সৌদি আরবগামী ইন্দোনেশীয় যাত্রীদের জন্য ঢাকাকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহারের বিষয়েও ইন্দোনেশিয়ার আগ্রহের কথা জানান।
এই প্রস্তাবটি দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে পারে এবং আঞ্চলিক ট্রানজিট গেটওয়ে হিসেবে ঢাকার ভূমিকাকে আরও শক্তিশালী করতে পারে।
বৈঠকে শামা দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন এবং ইন্দোনেশিয়াকে আরও বেশি বাংলাদেশি পণ্য আমদানির আহ্বান জানান।
তিনি দুই দেশের নারী উদ্যোক্তাদের মধ্যে বৃহত্তর সহযোগিতারও আহ্বান জানান।
প্রস্তাবগুলোকে স্বাগত জানিয়ে মাত্তা প্রথাগত ব্যবসায়িক সম্পর্কের বাইরে অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করতে বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করার বিষয়ে ইন্দোনেশিয়ার আগ্রহ প্রকাশ করেন।
শামা পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রেও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।
শিক্ষা ও প্রশিক্ষণের বিষয়ে তিনি ইন্দোনেশীয় শিক্ষার্থীদের বাংলাদেশে, বিশেষ করে এ দেশের মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ গ্রহণের জন্য উৎসাহিত করেন।
উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে এবং বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে পুনরায় অঙ্গীকার ব্যক্ত করে।
উপমন্ত্রী মাত্তা বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন এবং আজই তাঁর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।