Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ফ্লাইট বাতিল ও বিলম্ব, স্পাইসজেটকে কারণ দর্শানোর নোটিশ

ডেস্ক রিপোর্ট | Published: Saturday, November 21, 2026
ফ্লাইট বাতিল ও বিলম্ব, স্পাইসজেটকে কারণ দর্শানোর নোটিশ

সংগৃহীত

ফ্লাইট বাতিল ও বিলম্ব বেড়ে যাওয়া এবং বিভিন্ন নিয়ম লঙ্ঘনের অভিযোগে ভারতের বেসরকারি বিমান সংস্থা স্পাইসজেটকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। গত ১৭ নভেম্বর দেওয়া নোটিশে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে এয়ারলাইনটিকে।


শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


নোটিশে স্পাইসজেটের পরিচালনাগত কার্যক্রমের অবনতির বিষয়টি তুলে ধরেছে ডিজিসিএ। এতে বলা হয়েছে, সময়মতো ফ্লাইট পরিচালনার হার কমেছে। পাশাপাশি ফ্লাইট বিলম্ব ও বাতিলের সংখ্যা বেড়েছে। অনুমোদিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা করতে না পারা এবং ফ্লাইটে বিঘ্নের সময় যাত্রীদের যথাযথ সেবা দিতে ব্যর্থ হওয়ার বিষয়েও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।


ডিজিসিএ জানিয়েছে, স্পাইসজেটের বহরের বেশির ভাগ উড়োজাহাজ বর্তমানে বসে আছে। এসব উড়োজাহাজ আবার চালু করার বিষয়ে বিশ্বাসযোগ্য কোনো পরিকল্পনাও জমা দিতে পারেনি এয়ারলাইনটি।


এ ছাড়া বাধ্যতামূলক বিমা নবায়ন নিয়ে অনিশ্চয়তা এবং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে বিলম্বে অর্থ পরিশোধের কারণে ফ্লাইট পরিচালনায় বিঘ্নের বিষয়টি নোটিশে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে বিদেশি বিমান চলাচল কর্তৃপক্ষও উদ্বেগ জানিয়েছে।


আগে আরোপ করা জরিমানার অর্থ বারবার তাগাদা দেওয়ার পরও পরিশোধ না করার বিষয়ে ব্যাখ্যা চেয়েছে ডিজিসিএ। সংস্থাটি বলেছে, আন্তর্জাতিক রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনার যোগ্যতার শর্ত পূরণ করতে পারেনি স্পাইসজেট। এ ছাড়া রুট ডাইভারসাল গাইডলাইন বারবার লঙ্ঘন করেছে এয়ারলাইনটি। গত মে মাসেও এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জরিমানা করা হয়েছিল।


প্রতিবেদন অনুযায়ী, ভারতের অভ্যন্তরীণ বিমান পরিবহন বাজারে স্পাইসজেটের অংশীদারত্ব কমেছে। গত আগস্টে বাজারে তাদের অংশ ছিল ১ দশমিক ২ শতাংশ, সেপ্টেম্বরে তা কমে দাঁড়ায় শূন্য দশমিক ৬ শতাংশে।


এদিকে আর্থিক অবস্থা শক্তিশালী করতে সর্বোচ্চ ৫ হাজার ৫০০ কোটি রুপি সংগ্রহের প্রস্তাব অনুমোদন করেছে স্পাইসজেটের পরিচালনা পর্ষদ। কারণ দর্শানোর নোটিশ দেওয়ার এক দিন পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।


শুক্রবার বোম্বে স্টক এক্সচেঞ্জে লেনদেনের সময় স্পাইসজেটের শেয়ারের দাম প্রায় ৫ শতাংশ কমে ৯ দশমিক ৭৪ রুপিতে নেমে আসে। নোটিশের বিষয়ে প্রকাশিত প্রতিবেদন নিয়ে এয়ারলাইনটির কাছে ব্যাখ্যা চেয়েছে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।


এদিকে দিল্লি বিমানবন্দরের পরিচালনাকারী সংস্থা ডায়াল জানিয়েছে, স্পাইসজেটের পরিচালনাগত সমস্যার কারণে কিছু ফ্লাইটের সময়সূচিতে প্রভাব পড়তে পারে। শুক্রবার টানা দ্বিতীয় দিনের মতো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ সতর্কতা দেয় সংস্থাটি।


নোটিশের বিষয়ে স্পাইসজেটের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News