ইঞ্জিনে আগুনের সংকেত, ফিলিপাইনে জরুরি অবতরণ এয়ার নিউগিনির বিমানের
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, November 21, 2026
সংগৃহীত
হংকং থেকে পাপুয়া নিউগিনিগামী এয়ার নিউগিনির একটি বিমান জরুরি অবতরণ করেছে। ইঞ্জিনে আগুন লাগার আশঙ্কার সংকেত পাওয়ায় শনিবার ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের একটি শহরে বিমানটি জরুরি অবতরণ করে। এতে ১৪৬ জন যাত্রী ও ক্রু ছিলেন। ফিলিপাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বিমানটি নিরাপদে দাভাও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বোয়িং ৭৬৭-৩৮৩ইআর উড়োজাহাজটির জরুরি স্লাইড দিয়ে যাত্রী ও ক্রুরা নেমে আসেন। ১৩৭ জন যাত্রী ও ৯ জন ক্রুর কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ফিলিপাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, বিমানের ডান পাশের ইঞ্জিনে সম্ভাব্য স্ফুলিঙ্গ বা আগুনের সংকেত পেয়েছিলেন পাইলটরা।
সংস্থাটির মুখপাত্র এরিক অ্যাপোলোনিও জানান, নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করে পাইলটরা মধ্যরাতের কিছুক্ষণ পর দাভাও বিমানবন্দরে অনির্ধারিত অবতরণের অনুরোধ জানান। এ ঘটনার তদন্তে পাইলটদের বক্তব্যও নেওয়া হবে।
অবতরণের পর যাত্রী ও ক্রুদের বিমানবন্দরের টার্মিনালে নেওয়া হয়। তাদের প্রয়োজনীয় সহায়তা ও হোটেলে থাকার ব্যবস্থা করা হয়। বিমানটির কোনো ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য দাভাও বিমানবন্দরে অন্য ফ্লাইটের চলাচল বন্ধ রাখা হয়। এতে দুটি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়।
পরে প্রধান রানওয়েতে নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন হলে বিমানবন্দরটি আবার চালু করা হয় বলে জানিয়েছে ফিলিপাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।