ফ্লাইটগ্লোবালের ডিজিটাল লিডারশিপ পুরস্কার পেল এয়ার ইন্ডিয়া
ডেস্ক রিপোর্ট
| Published: Tuesday, July 21, 2026
ছবি: এয়ার ইন্ডিয়া
টাটা গ্রুপের অধীনে ফেরার পর গত কয়েক বছরে বড় ধরনের ডিজিটাল ট্রান্সফরমেশন আনার স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্যভিত্তিক এভিয়েশন বিষয়ক সংবাদ ও তথ্যভিত্তিক প্রতিষ্ঠান ফ্লাইটগ্লোবাল-এর ‘এয়ারলাইন স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড ফর ডিজিটাল লিডারশিপ’ সম্মাননায় ভূষিত হয়েছে এয়ার ইন্ডিয়া।
সোমবার ভারতের এই অন্যতম শীর্ষ বিমান সংস্থা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে এয়ার ইন্ডিয়ার পক্ষে পুরস্কারটি নেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাম্পবেল উইলসন এবং প্রধান ডিজিটাল ও প্রযুক্তি কর্মকর্তা সত্য রামাস্বামী। ফ্লাইটগ্লোবাল ও ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান কর্ন ফেরি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এয়ারলাইন স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড প্রতি বছর বিমান পরিবহন খাতের নেতৃত্ব ও বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্যকে স্বীকৃতি দেয়। শিল্প বিশ্লেষক, পরামর্শক এবং সাবেক এয়ারলাইন প্রধান নির্বাহীদের নিয়ে গঠিত একটি স্বতন্ত্র প্যানেল বিজয়ী বেছে নেয়। এবার একমাত্র এয়ার ইন্ডিয়াই এই পুরস্কার পেয়েছে। এর আগে ইউনাইটেড এয়ারলাইন্স ও রায়ানএয়ার এই পুরস্কার পেয়েছিল।
এয়ার ইন্ডিয়া জানায়, ২০২২ সালে টাটা গ্রুপের অধীনে ফেরার পর থেকেই প্রতিষ্ঠানটি ডিজিটাল ও এআই প্রযুক্তি ব্যবহার করে বড় পরিবর্তন আনার কাজ শুরু করে। সেই কাজেরই স্বীকৃতি মিলল এবার।
ক্যাম্পবেল উইলসন বলেন, এই পুরস্কার প্রতিষ্ঠানের ট্রান্সফরমেশন যাত্রার একটি প্রমাণ। বিশ্বমানের এয়ারলাইন্স হয়ে ওঠার লক্ষ্যে প্রযুক্তি যে বড় ভূমিকা রাখছে, এটি তারই প্রতিফলন।
সত্য রামাস্বামী বলেন, ২০২২ সালের আগে হাতে গোনা কিছু সিস্টেম থাকলেও এখন প্রতিষ্ঠানের কাছে ১৪০টিরও বেশি ডিজিটাল সিস্টেম আছে।
এয়ার ইন্ডিয়ার আরও কিছু অর্জন:
এয়ার ইন্ডিয়া মাত্র দুই বছরে ১৪০টিরও বেশি ক্লাউডভিত্তিক এন্টারপ্রাইজ সিস্টেম গড়ে তুলেছে। এ ধরনের কাজে সাধারণত সময় লাগে গড়ে দশ বছরের বেশি।
প্রতিষ্ঠানের মোবাইল অ্যাপ এখন পর্যন্ত ডাউনলোড হয়েছে ১ কোটি ৭০ লাখ বার। ভারতে অ্যাপল অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোরে অ্যাপটির রেটিং ৪ দশমিক ৮।
সাবেক বিমান সংস্থা ভিস্তারার সঙ্গে একীভূত হওয়ার সময় এক কোটিরও বেশি লয়্যালটি সদস্য, প্রায় ৩০০টি উড়োজাহাজ এবং ৩০ হাজারের বেশি কর্মীকে একসঙ্গে যুক্ত করা হয়। এই প্রযুক্তিগত কাজ শেষ হয় এক বছরেরও কম সময়ে।
২০২৩ সালের মে মাসে এয়ার ইন্ডিয়া বিমান খাতে প্রথমবারের মতো জেনারেটিভ এআই ভিত্তিক ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট "এআই.জি" চালু করে। এটি এ পর্যন্ত ২ কোটি ৬০ লাখেরও বেশি গ্রাহকের প্রশ্নের জবাব দিয়েছে এবং এর সফলতার হার ৯৭ শতাংশ।
ফ্লাইটগ্লোবাল- যুক্তরাজ্যভিত্তিক একটি শীর্ষস্থানীয় বিমান পরিবহন ও মহাকাশ শিল্প বিষয়ক সংবাদমাধ্যম, যা ১৯০৯ সালে প্রতিষ্ঠিত "ফ্লাইট ইন্টারন্যাশনাল" ম্যাগাজিনের ধারাবাহিকতায় গড়ে উঠেছে। প্রতিষ্ঠানটি সারা বিশ্বের বিমান পরিবহন খাতের সংবাদ, বিশ্লেষণ ও তথ্য-উপাত্ত সরবরাহ করে থাকে।