ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী লিমনের দাফন সম্পন্ন, বৃষ্টির মরদেহ ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে
নিজস্ব প্রতিবেদক
| Published: Tuesday, May 05, 2026
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিহত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর একজন জামিল আহমেদ লিমনকে মঙ্গলবার তাঁর গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পারিবারিক গোরস্তানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
দাফনের আগে বিনোদতলী উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম আবদুল্লাহ বিন রশিদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীসহ পরিবারের সদস্য, বন্ধু ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
এর আগে মঙ্গলবার সকাল ৮টা ৪৫ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে লিমনের মরদেহ ঢাকায় পৌঁছায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় লিমনের বাবা-মা ও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে অ্যাম্বুলেন্সযোগে মরদেহ তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়।
শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। মরদেহ পৌঁছানোর পর পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও গ্রামবাসী তাঁকে শেষ বিদায় জানাতে ভিড় করেন।
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী লিমন ট্যাম্পায় এক মর্মান্তিক ঘটনায় নিহত হন, যা প্রবাসী বাংলাদেশিদের এবং একাডেমিক মহলে গভীর শোকের সঞ্চার করেছে।
গত ২ মে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তাদের তত্ত্বাবধানে তাঁর মরদেহ দেশে পাঠানো হয়।
এদিকে, গত ১ মে হিলসবরো কাউন্টি শেরিফ অফিস দ্বিতীয় শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্ত করার পর মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট পরিবারের সম্মতিতে তাঁর মরদেহ ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, বৃষ্টির মরদেহ বর্তমানে একটি ফিউনারেল হোমের তত্ত্বাবধানে রয়েছে এবং ৭ মে মরদেহ বাংলাদেশে পাঠানোর লক্ষ্যে কাজ চলছে। তাঁর জানাজা ৬ মে ফ্লোরিডায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মরদেহ দেশে ফেরত পাঠানোর পুরো প্রক্রিয়া মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস যৌথভাবে সমন্বয় করছে।