হজ ২০২৭: প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, July 26, 2026
হজ ২০২৭-এর প্রাথমিক নিবন্ধন আগামীকাল ২৭ জুলাই থেকে শুরু হবে। নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।
সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়ের প্রকাশিত রোডম্যাপের আলোকে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
হজে যেতে আগ্রহীদের প্রথমে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন করতে হবে। এরপর সরকারি বা বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে প্রাথমিক নিবন্ধনের জন্য ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিতে হবে।
প্রাথমিক নিবন্ধন সম্পন্নকারীদের চূড়ান্ত নিবন্ধনের জন্য আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের বাকি টাকা পরিশোধ করতে হবে।
সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীরা ই-হজ সিস্টেমে ইউজার অ্যাকাউন্ট খুলে নিবন্ধন করতে পারবেন। এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামী ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, বায়তুল মোকাররমের ইসলামী ফাউন্ডেশন কার্যালয় এবং ঢাকার হজ অফিস থেকেও নিবন্ধনের সুযোগ থাকবে।
সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনকারীদের সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে নিবন্ধনের টাকা জমা দিতে হবে। বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনকারীদের সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে টাকা জমা দিতে হবে। এজেন্সির ব্যাংক হিসাবের তথ্য হজ পোর্টালে থাকা এজেন্সির প্রোফাইলে পাওয়া যাবে।
হজ পালনের ক্ষেত্রে বয়স ও স্বাস্থ্যগত কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে। ১৫ বছরের কম বয়সীরা হজে যেতে পারবেন না। এছাড়া দীর্ঘমেয়াদি হৃদরোগ, ফুসফুস, লিভার বা কিডনি রোগে আক্রান্ত ব্যক্তি, স্নায়বিক বা মানসিক রোগী, ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি এবং কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি গ্রহণরত ক্যানসার রোগীরা হজে যেতে পারবেন না।
জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সক্রিয় সংক্রামক রোগ, যেমন যক্ষ্মা ও হেমোরেজিক ফিভারে আক্রান্ত ব্যক্তিরাও হজের জন্য অযোগ্য বিবেচিত হবেন। গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা নারী এবং উচ্চঝুঁকির গর্ভাবস্থার ক্ষেত্রে ফিটনেস সনদ দেওয়া হবে না।
প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের প্রশিক্ষণ ও টিকাদানের জন্য নিজ জেলা, হজের ধরন এবং পছন্দের হজ প্যাকেজ নির্বাচন করতে হবে।
নিবন্ধনের জন্য এমন পাসপোর্ট প্রয়োজন হবে, যার মেয়াদ কমপক্ষে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকবে।