হজ মৌসুমে ৩১ লাখ আসন ও ১২ হাজার ফ্লাইট: পরিবহন খাতে সৌদি আরবের ব্যাপক প্রস্তুতি
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, April 19, 2026
ছবি: সংগৃহীত
১৪৪৭ হজ মৌসুমকে সামনে রেখে সৌদি আরব তার পরিবহন ও লজিস্টিক খাতে সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করেছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লক্ষ লক্ষ হাজির নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আকাশ, স্থল, রেল ও সমুদ্রপথ — চারটি পরিবহন মাধ্যম একযোগে সক্রিয় করা হয়েছে।
সৌদি পরিবহন ও লজিস্টিক মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রস্তুতি একটি সমন্বিত পরিকল্পনার অংশ, যার লক্ষ্য পবিত্র হজযাত্রাকে সর্বাঙ্গসুন্দর করে তোলা।
বিমান পরিবহন
হজযাত্রীদের জন্য ৩১ লাখেরও বেশি আসন বরাদ্দ করা হয়েছে এবং ১২ হাজারের অধিক নির্ধারিত ও চার্টার ফ্লাইট পরিচালনার ব্যবস্থা নেওয়া হয়েছে। ছয়টি প্রধান বিমানবন্দরকে হজ ফ্লাইট গ্রহণের জন্য মনোনীত করা হয়েছে, যেখানে ২২ হাজারেরও বেশি কর্মী নিয়োজিত থাকবেন। সৌদিয়া এয়ারলাইন্স ১০ লক্ষেরও বেশি আসন সংযুক্ত করেছে এবং ফ্লাইনাস ২০টি আন্তর্জাতিক গন্তব্য থেকে ১ লাখ ৪৭ হাজারসহ লক্ষাধিক হাজি পরিবহনে প্রস্তুত। নতুন উদ্যোগ হিসেবে থাকার জায়গা থেকে সরাসরি মালামাল পাঠানোর "ব্যাগেজ-ফ্রি ট্র্যাভেলার" সেবা চালু করা হয়েছে।
রেল পরিবহন
পবিত্র স্থানগুলোর মধ্যে হাজি পরিবহনে রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সৌদি আরব রেলওয়ে মাশায়ের ট্রেনে ২ হাজারেরও বেশি ট্রিপ নির্ধারণ করেছে, যা মিনা, মুজদালিফা ও আরাফাতের মধ্যে ২০ লাখেরও বেশি যাত্রী বহন করবে। হারামাইন হাই-স্পিড রেলওয়ে ৫ হাজার ৩০৮টি যাত্রায় ২২ লাখেরও বেশি আসনের ব্যবস্থা রেখে মক্কা ও মদিনাকে কিং আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে সংযুক্ত করবে।
সড়ক ও অন্যান্য পরিষেবা
সড়ক অবকাঠামো উন্নয়নে ৫ কোটি ৬০ লাখ ঘন মিটারেরও বেশি বালিয়াড়ি অপসারণ, ১ লাখ ৭৮ হাজার আলোক ইউনিট সংস্কার এবং ৪ হাজারেরও বেশি দিকনির্দেশনামূলক সাইন স্থাপন করা হয়েছে। ৩৩ হাজারেরও বেশি বাস ও ৫ হাজার ট্যাক্সি নিয়ে গণপরিবহন সক্রিয় রাখা হয়েছে। সৌদি পোস্ট বিমানবন্দর ও হাসপাতালসহ ঘনবসতিপূর্ণ এলাকায় বৈদ্যুতিক স্কুটার ও মোটরবাইকসহ একটি বিশেষ ডেলিভারি বহর মোতায়েন করেছে। জেদ্দা ইসলামিক বন্দরেও সমুদ্রপথে আগত হাজিদের সেবায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।
সৌদি জাতীয় পরিবহন নিরাপত্তা কেন্দ্র জানিয়েছে, জরুরি ও উদ্ধার দলগুলো সকল পরিবহন খাতে চব্বিশ ঘণ্টা সক্রিয় থাকবে এবং যেকোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে।
সূত্র: গালফ নিউজ