ইতিহাদ এয়ারলাইন্সে ইতিহাস গড়লেন ক্যাপ্টেন হুদা আল মুসাল্লামি
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, August 29, 2026
-ইতিহাদ এয়ারওয়েজ
ইতিহাদ এয়ারওয়েজ জানিয়েছে, ক্যাপ্টেন হুদা আল মুসাল্লামি সংযুক্ত আরব আমিরাতের প্রথম নারী হিসেবে প্রশিক্ষণ ক্যাপ্টেনের যোগ্যতা অর্জন করেছেন। এমিরাতি নারী দিবসের অনুষ্ঠানের সঙ্গে মিলিয়েই এই অর্জনের ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
ইতিহাদ জানায়, এর মাধ্যমে হুদাই প্রথম এমিরাতি নারী, যাঁর ওপর নিরাপত্তা ও পেশাদারিত্বের সর্বোচ্চ মান অনুযায়ী নতুন পাইলটদের প্রশিক্ষণ ও যোগ্যতা যাচাইয়ের দায়িত্ব দেওয়া হলো।
২০০৩ সালে বিমান চলাচল খাতে যুক্ত হন ক্যাপ্টেন হুদা, আর ইতিহাদে যোগ দেন ২০১৪ সালে। ২০২৩ সালে ফার্স্ট অফিসার থেকে ক্যাপ্টেন পদে উন্নীত হওয়ার পর এ বছর তিনি টাইপ রেটিং ইনস্ট্রাক্টরের যোগ্যতা অর্জন করেন। বর্তমানে তাঁর কাছে বোয়িং ৭৮৭-এর টাইপ রেটিং রয়েছে এবং ১০ হাজারের বেশি ফ্লাইট ঘণ্টার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এর আগে তিনি এয়ারবাস এ৩৩০, এ৩৪০ ও বোয়িং ৭৭৭ পরিচালনা করেছেন বলে জানিয়েছে এয়ারলাইন্সটি। এভিয়েশন ম্যানেজমেন্টে স্নাতক এবং বিজনেস ম্যানেজমেন্ট ও ইনফরমেশন সিস্টেমসে স্নাতকোত্তর ডিগ্রিও রয়েছে তাঁর।
নতুন দায়িত্বে বিভিন্ন দেশের ও ভিন্ন অভিজ্ঞতার পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছেন ক্যাপ্টেন হুদা, যা তিনি নিজেই পেশাগত দায়িত্বের পাশাপাশি জাতীয় কর্তব্য বলেও বর্ণনা করেছেন।
ক্যাপ্টেন হুদা বলেন, প্রথম হওয়ার অর্থ হলো এমন পথে এগিয়ে যাওয়া, যেখানে আগে থেকে কোনো পথরেখা তৈরি নেই। তিনি বলেন, তাঁর লক্ষ্য ছিল যেন তিনিই শেষ না হন, বরং আরও এমিরাতি নারীর জন্য বিমান চলাচল খাতে এগিয়ে যাওয়ার পথ খুলে দেওয়া।
ইতিহাদ এয়ারওয়েজের চিফ পিপল, গভর্নমেন্ট অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার ড. নাদিয়া বাস্তাকি বলেন, প্রতিভা, দৃঢ়সংকল্প ও সুযোগ একসঙ্গে মিললে কী অর্জন সম্ভব, তারই শক্তিশালী প্রতিফলন এই অর্জন। তিনি বলেন, প্রশিক্ষণ ক্যাপ্টেন হিসেবে নতুন দায়িত্বে থেকে হুদা এমন পাইলটদের তৈরি করবেন, যাঁরা ভবিষ্যতে এই শিল্পের ভবিষ্যৎ নির্ধারণ করবেন।
ইতিহাদ জানিয়েছে, বর্তমানে সংস্থার কর্মী বাহিনীতে থাকা মোট এমিরাতি জনবলের ৭৫ শতাংশই নারী, যাঁরা ফ্লাইট ডেক থেকে শুরু করে বোর্ডরুম পর্যন্ত বিভিন্ন পর্যায়ে কাজ করছেন।