Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ফ্লোরিডায় প্রাইভেট জেট বিধ্বস্ত, নিহত ৯

ডেস্ক রিপোর্ট | Published: Monday, November 02, 2026
ফ্লোরিডায় প্রাইভেট জেট বিধ্বস্ত, নিহত ৯

-ভিডিও থেকে নেওয়া


যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ কাউন্টিতে রোববার একটি প্রাইভেট জেট আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ৯ জনের সবাই নিহত হয়েছেন। মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি এ তথ্য জানিয়েছেন।


যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, লিয়ারজেট ৬০ মডেলের উড়োজাহাজটি স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে (গ্রিনিচ মান সময় ১৭টা ৫০ মিনিট) দক্ষিণ ফ্লোরিডার ক্রেস্টহেভেনের কাছে বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিশাল অগ্নিগোলার সৃষ্টি হয়।


ব্যবসায়িক কাজে ব্যবহৃত উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহামাসের উদ্দেশে রওনা দিয়েছিল।


এ ঘটনাকে "ভয়াবহ ট্র্যাজেডি" উল্লেখ করে ডাফি লিখেছেন, "ফ্লোরিডার পাম বিচ কাউন্টির আজকের উড়োজাহাজ দুর্ঘটনা একটি ভয়াবহ ট্র্যাজেডি।" তিনি জানান, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও মার্কিন পরিবহন বিভাগ ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। নতুন তথ্য পেলে তা জানানো হবে।


মাটিতে কেউ আহত হয়েছেন কি না, তা এখনো স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণও জানা যায়নি। আশপাশের কোনো বাড়িঘরের ক্ষতি হয়েছে কি না, সেটিও নিশ্চিত নয়।


ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ও এফএএর কর্মকর্তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন। জায়গাটি মিলিটারি ট্রেইল ও ১০ম অ্যাভিনিউ নর্থের কাছে।


অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র জিম রেনল্ডস জানান, উড়োজাহাজটি ব্যক্তিমালিকানাধীন, এর টেইল নম্বর এন৭২২বিডি। তবে বিমানে কারা ছিলেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানাতে পারেননি তিনি। রেনল্ডস বলেন, "এটি সত্যিই একটি মর্মান্তিক ঘটনা।"


প্রত্যক্ষদর্শীদের গাড়ির ভেতর থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটি আকাশ থেকে খাড়া নিচে নেমে এসে একটি ব্যস্ত সড়কে আছড়ে পড়ছে। তখন পাশ দিয়ে চলাচল করা গাড়িগুলোর খুব কাছেই বিস্ফোরণ ঘটে।


দুর্ঘটনায় সড়কে বিশাল গর্তের সৃষ্টি হয়। সড়কের পাশের একটি বিদ্যুতের খুঁটির কাছে আগুনের শিখা উঠতে দেখা যায়, গর্তটি থেকে কালো ধোঁয়া বেরোতে থাকে। বাড়িঘর থেকে মাত্র কয়েক ফুট দূরে উড়োজাহাজটি আছড়ে পড়ায় আশপাশে থাকা লোকজন হতবিহ্বল হয়ে পড়েন।


ঘটনাস্থল ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো এস্টেট থেকে প্রায় ৮ মাইল (১৩ কিলোমিটার) দূরে। দুর্ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আইওয়ায় মধ্যবর্তী নির্বাচনের একটি সমাবেশে ছিলেন।


সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট, যুক্তরাজ্য

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News