Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ইউরোপে চাকরির প্রলোভনে শ্রীলঙ্কায় নিয়ে বাংলাদেশি কর্মীদের ফেলে রাখার অভিযোগ

ডেস্ক রিপোর্ট | Published: Tuesday, November 17, 2026
ইউরোপে চাকরির প্রলোভনে শ্রীলঙ্কায় নিয়ে বাংলাদেশি কর্মীদের ফেলে রাখার অভিযোগ

ছবি- সংগৃহীত

ইউরোপের বিভিন্ন দেশসহ সার্বিয়া, আলবেনিয়া, বসনিয়া ও ফিজিতে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি কর্মীদের শ্রীলঙ্কায় নিয়ে অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখার অভিযোগ উঠেছে। পর্যাপ্ত খাবার, নিরাপদ আবাসন ও অর্থের অভাবে তাঁদের অনেকে সেখানে মানবেতর জীবন যাপন করছেন।


আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর দেওয়া এক জরুরি স্মারকলিপিতে এই উদ্বেগের কথা জানিয়েছে মানবপাচারের শিকার ব্যক্তিদের উদ্ধার ও প্রত্যাবাসনে কাজ করা সংগঠন ‘অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন’। সংগঠনটির সভাপতি মো. আল-আমিন নয়ন স্বাক্ষরিত স্মারকলিপির অনুলিপি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হয়েছে।


কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের তথ্যের বরাতে সংগঠনটি জানায়, কিছু অসাধু দালাল এবং ট্রাভেল ও রিক্রুটিং এজেন্সি ইউরোপসহ বিভিন্ন দেশে চাকরির কথা বলে কর্মীদের শ্রীলঙ্কায় পাঠাচ্ছে। সেখান থেকে পরবর্তী সময়ে নির্ধারিত গন্তব্যে পাঠানোর কথা থাকলেও শ্রীলঙ্কায় নেওয়ার পর কর্মীদের রেখে দালাল ও এজেন্সির প্রতিনিধিরা দেশে ফিরে আসছেন।


এ পরিস্থিতিতে কিছু কর্মী নিজ উদ্যোগ ও অর্থে দেশে ফিরতে পারলেও এখনো বহু বাংলাদেশি শ্রীলঙ্কার কলম্বোর রণমাল রোড, কাটুনায়েক ও কলম্বো-১৩ এলাকায় অবস্থান করছেন। হাতে অর্থ না থাকায় খাবার ও আবাসনসংকটে চরম অনিশ্চয়তা ও মানসিক উদ্বেগে দিন কাটছে তাঁদের। দেশে থাকা পরিবারের সদস্যরাও তাঁদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।


স্মারকলিপিতে শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশি কর্মীদের প্রকৃত সংখ্যা ও অবস্থান দ্রুত শনাক্ত করে নিরাপদে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে। এ জন্য কলম্বোতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ, শ্রীলঙ্কা সরকারের সঙ্গে সমন্বয় এবং দেশে ফেরা পর্যন্ত তাঁদের খাবার, নিরাপদ আবাসন, চিকিৎসা ও জরুরি আর্থিক সহায়তা নিশ্চিত করার দাবি জানানো হয়।


এ ছাড়া জড়িত দালাল, মধ্যস্বত্বভোগী, ট্রাভেল ও রিক্রুটিং এজেন্সিগুলোর ভূমিকা তদন্ত করে প্রতারণা বা মানবপাচারের প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া এবং এজেন্সিগুলোর লাইসেন্স যাচাইয়ের দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি শ্রীলঙ্কাকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে প্রতারণা বন্ধে বিমানবন্দরসহ দেশের অভিবাসন ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানোর কথাও বলা হয়েছে।


অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশনের সভাপতি মো. আল-আমিন নয়ন বলেন, মানুষ ভালো কাজের আশায় ঋণ করে ও জমিজমা বিক্রি করে বিদেশে যান। সেই স্বপ্ন দেখিয়ে অন্য দেশে নিয়ে অনিশ্চয়তায় ফেলে রাখার দায় এজেন্সিগুলো এড়াতে পারে না। সরকার দ্রুত তাঁদের পাশে দাঁড়াবে এবং জড়িত ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।


দেশে ফিরে আসা ক্ষতিগ্রস্ত কর্মীদের অপরাধী হিসেবে বিবেচনা না করে সম্ভাব্য মানবপাচারের ভুক্তভোগী হিসেবে শনাক্ত করে আইনি সহায়তা, মনোসামাজিক সেবা ও পুনর্বাসনের ব্যবস্থা করারও দাবি জানিয়েছে মানবপাচারের প্রত্যক্ষ অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের নেতৃত্বে পরিচালিত এই সংগঠনটি।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News