জাল নথি সনাক্ত, বস্তা ভরে ৬০০ পাসপোর্ট পাঠালো কানাডা
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, January 28, 2026
কোলাজ: এভিয়েশন এক্সপ্রেস
কানাডার ভিসা আবেদনে জাল কাগজপত্র জমা দেওয়ায় ৬০০ বাংলাদেশি পাসপোর্ট দেশে ফেরত পাঠানো হয়েছে।
সিঙ্গাপুরে অবস্থিত কানাডিয়ান হাই কমিশন ভিসা আবেদনে ভুয়া তথ্য, সনদ ও কাগজপত্র সনাক্ত করার পর বস্তা ভরে এসব পাসপোর্ট ফেরত পাঠায়।
মঙ্গলবার ঢাকার বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত (উপদেষ্টা পদমর্যাদা) লুৎফে সিদ্দিকী এ কথা জানান।
দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে বাংলাদেশের অংশগ্রহণের প্রেক্ষিতে আয়োজিত এই ব্রিফিংয়ে তিনি বিষয়টি প্রকাশ করেন।
তিনি জানান, বাংলাদেশিদের কানাডার ভিসা আবেদন বর্তমানে সিঙ্গাপুর থেকে প্রক্রিয়াকরণ করা হয়। একটি সংঘবদ্ধ দালাল চক্র সম্পূর্ণ ভুয়া কাগজপত্র ব্যবহার করে বাংলাদেশি নাগরিকদের নামে কানাডার ভিসা আবেদন জমা দিচ্ছিল। যাচাই শেষে সব আবেদন জাল প্রমাণিত হওয়ায় পাসপোর্টগুলো ফেরত পাঠানো হয়।
লুৎফে সিদ্দিকী বলেন, দালালরা ধরা পড়ার আশঙ্কা বুঝতে পারলে সংশ্লিষ্ট পাসপোর্ট আর ফেরত নেয় না। এরপর পাসপোর্ট হারিয়েছে দাবি করে থানায় সাধারণ ডায়েরি করা হয়। সেই জিডি ব্যবহার করে নতুন পাসপোর্ট নিয়ে আবার ভুয়া কাগজে ভিসা আবেদনের চেষ্টা চলে।
ঘটনাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে। ৬০০ পাসপোর্টধারী কারা এবং কোন নেটওয়ার্কের মাধ্যমে তারা যুক্ত হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে অল্প কয়েকজন দালালের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
বিশেষ দূত বলেন, আন্তর্জাতিক পর্যায়ে ধারণা তৈরি হয়েছে যে বাংলাদেশ অবৈধ অভিবাসন রোধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। দ্রুত মানুষ বিদেশে পাঠানোর দিকে বেশি গুরুত্ব দেওয়া হলেও প্রবাসী কল্যাণ উপেক্ষিত থেকে যাচ্ছে।
তিনি বলেন, অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ও সমন্বিত পদক্ষেপের বিষয়টি এখন আন্তর্জাতিক মহলের কাছে প্রমাণ করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আইনসম্মত ও দক্ষ অভিবাসনের উদ্যোগ এবং ইতালিসহ বিভিন্ন দেশের সঙ্গে কার্যকর চুক্তি স্বাক্ষর করতে পারলে আন্তর্জাতিক শ্রমবাজারে নতুন সুযোগ তৈরি হতে পারে বলেও তিনি জানান।
কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতে এ ধরনের জালিয়াতি রোধে দালাল চক্র শনাক্ত, আবেদনকারীদের যুক্ত হওয়ার পদ্ধতি এবং পাসপোর্ট ইস্যু প্রক্রিয়ায় কোনো দুর্বলতা আছে কি না তা খতিয়ে দেখা হবে।