Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

জাপানের সহযোগিতায় তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্ব

জাপানের সহযোগিতায় তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্ব

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধনের লক্ষ্যে সরকারের প্রস্তুতি এগিয়ে চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। একই সঙ্গে সম্ভাব্য উদ্বোধনের সময়সূচি ধরে দ্রুত 'অপারেশনাল রেডিনেস এন্ড এয়ারপোর্ট ট্রান্সফার' (ওরাট) (Operational Readiness and Airport Transfer) (ORAT) কার্যক্রম শুরুর ওপর গুরুত্বারোপ করেছেন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।


মঙ্গলবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসার (UNO Yoshimasa) সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয় উঠে আসে।


বৈঠকে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে জাপানের অবদান নিয়ে আলোচনা হয়।


মন্ত্রী আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চলতি বছরের ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যে উদ্বোধনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হবে বলেও তিনি জানান।


প্রতিমন্ত্রী মিল্লাত বলেন, তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতির অংশ হিসেবে দ্রুত 'ওরাট' (ORAT) কার্যক্রম শুরু করা জরুরি। এজন্য জাপানিজ স্টেকহোল্ডার ওয়ার্কিং গ্রুপের (SWG) আগামী মাসের মধ্যে দরপত্র দাখিল সম্পন্ন হওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।


তিনি আরও বলেন, জাপান বাংলাদেশের অন্যতম পুরোনো ও বিশ্বস্ত উন্নয়ন অংশীদার এবং তৃতীয় টার্মিনাল নির্মাণেও জাপানি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নির্ধারিত সময়ে টার্মিনালটি চালু করতে তিনি জাপানের সার্বিক সহযোগিতা কামনা করেন।


জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি তৃতীয় টার্মিনাল প্রকল্পসহ চলমান বিভিন্ন উদ্যোগে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।


বৈঠক শেষে ঢাকা-নারিতা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পুনরায় চালু উপলক্ষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার হাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের একটি প্রতিকৃতি (মডেল) তুলে দেন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News