খানজাহান আলী বিমানবন্দর চালু হলে অর্থনীতিতে গতি আসবে : প্রতিমন্ত্রী ফরিদুল
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, July 26, 2026
ছবি: সংগৃহীত
পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থা সহজ করা এবং ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতের বিকাশে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, এই বিমানবন্দর চালু হলে মোংলা বন্দর, সুন্দরবন এবং সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এবং আধুনিক সব সুযোগ-সুবিধা নিশ্চিত করে দ্রুততম সময়ের মধ্যে বিমানবন্দর নির্মাণকাজ পুনরায় শুরু করতে সরকার আন্তরিক।
শনিবার বিকেলে বাগেরহাটের ফয়লায় প্রস্তাবিত হজরত খানজাহান আলী (রহ.) বিমানবন্দর প্রকল্প এলাকা পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. শফিকুল আলম মনা বলেন, মোংলা বন্দরের ক্রমবর্ধমান আমদানি-রপ্তানি কার্যক্রম, মোংলা ইপিজেডে আন্তর্জাতিক বিনিয়োগ এবং সুন্দরবনকে ঘিরে দেশি-বিদেশি পর্যটকের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর এখন সময়ের দাবি।
তিনি বলেন, আধুনিক বিমানবন্দর নির্মিত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক ও পর্যটন সম্ভাবনা আরও বিকশিত হবে এবং এ অঞ্চলের সঙ্গে দেশ-বিদেশের যোগাযোগ আরও সহজ হবে।
এ সময় জানানো হয়, চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিএসসি-এর ব্যবস্থাপনা পরিচালক পিটারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সম্প্রতি বিমানবন্দর প্রকল্প এলাকা পরিদর্শন করে স্থানটি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে।
পরিদর্শনকালে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, কেডিএর প্রধান প্রকৌশলী কাজী সাবিরুল আলম, রামপাল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ শেখ হাফিজুর রহমান তুহিন, মোংলা উপজেলা বিএনপির সভাপতি মো. মান্নান হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।