কারিগরি ত্রুটিতে দিল্লিতে থাই এয়ারওয়েজের উড়োজাহাজের জরুরি অবতরণ
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, November 16, 2026
সংগৃহীত
কারিগরি ত্রুটির কারণে মিউনিখ থেকে ব্যাংককগামী থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজ ভারতের নয়াদিল্লিতে জরুরি অবতরণ করেছে। গত ১৪ নভেম্বর এ ঘটনা ঘটে। উড়োজাহাজটির সব যাত্রী ও ক্রু নিরাপদ আছেন বলে জানিয়েছে বিমান সংস্থাটি।
থাই এয়ারওয়েজের এক বিবৃতিতে বলা হয়, এয়ারবাস এ৩৫০-৯০০ উড়োজাহাজটি স্থানীয় সময় দুপুর ১টা ৩৫ মিনিটে জার্মানির মিউনিখ থেকে ব্যাংককের উদ্দেশে যাত্রা করে। পথে উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি দেখা দেয়। যাত্রী ও ক্রুদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে পাইলট উড়োজাহাজটির গতিপথ পরিবর্তন করে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেন।
নিরাপদে অবতরণের পর যাত্রীদের হোটেলে থাকার ব্যবস্থা ও প্রয়োজনীয় সহায়তা দিয়েছে থাই এয়ারওয়েজ। যাত্রীদের ব্যাংককে ফিরিয়ে নিতে বিশেষ ফ্লাইটেরও ব্যবস্থা করেছে সংস্থাটি।
বিবৃতিতে বলা হয়েছে, বিশেষ ফ্লাইট টিজি৮৪৭৯ আগামী ১৬ নভেম্বর নয়াদিল্লি থেকে ব্যাংককের উদ্দেশে ছেড়ে যাবে। স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে ফ্লাইটটির যাত্রা শুরু হবে। ব্যাংককে পৌঁছানোর কথা বিকেল ৪টা ৫৫ মিনিটে।
থাই এয়ারওয়েজ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এ ধরনের পরিস্থিতিতে আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচলের নিয়ম ও নিরাপত্তাবিধি অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।