Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

১৪ বছর পর দামেস্ক-বার্লিন সরাসরি ফ্লাইট চালু করল সিরিয়ান এয়ারলাইন্স

ডেস্ক রিপোর্ট | Published: Sunday, November 15, 2026
১৪ বছর পর দামেস্ক-বার্লিন সরাসরি ফ্লাইট চালু করল সিরিয়ান এয়ারলাইন্স

সিরিয়ার জাতীয় উড়োজাহাজ সংস্থা সিরিয়ান এয়ারলাইনস । ছবি- সংগৃহীত

প্রায় ১৪ বছর বন্ধ থাকার পর সিরিয়ার রাজধানী দামেস্ক ও জার্মানির বার্লিনের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করেছে সিরিয়ার জাতীয় উড়োজাহাজ সংস্থা সিরিয়ান এয়ারলাইনস। মঙ্গলবার (১০ নভেম্বর) বার্লিন থেকে প্রথম ফ্লাইটটি দামেস্কে পৌঁছায়।


সিরিয়ার যুদ্ধ এবং দেশটির বিমান চলাচল খাতের ওপর বিভিন্ন বিধিনিষেধের কারণে এত দিন জার্মানির সঙ্গে সরাসরি ফ্লাইট বন্ধ ছিল।


সিরিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের গণমাধ্যম বিভাগের প্রধান মুস্তাফা খাইরাল্লাহ দ্য মিডিয়া লাইনকে জানান, সপ্তাহে দুই দিন—মঙ্গলবার ও শুক্রবার এ রুটে ফ্লাইট চলবে। ১৫৬ আসনের এয়ারবাস এ৩২০ উড়োজাহাজ দিয়ে এসব ফ্লাইট পরিচালনা করা হবে। বার্লিন থেকে দামেস্ক যেতে সময় লাগবে প্রায় ৪ ঘণ্টা ১৫ মিনিট।


জার্মানি ও সিরিয়ার মধ্যে জুলাইয়ের মাঝামাঝি একটি বিমান পরিবহন চুক্তি হয়। এর পরই নতুন এ রুট চালু করা হয়েছে। বার্লিন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সিরিয়ার সঙ্গে পারিবারিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, এমন ব্যক্তিদের যাতায়াত সহজ করবে নতুন ফ্লাইট।


জার্মানিতে বসবাসরত সিরীয়দের জন্য এ ফ্লাইট বিশেষ সুবিধা তৈরি করবে বলে জানিয়েছেন মুস্তাফা খাইরাল্লাহ। এত দিন তাদের অনেককে অন্য দেশের বিমানবন্দর হয়ে সংযোগ ফ্লাইটে সিরিয়ায় যেতে হতো। এতে যাত্রার সময় ও ভোগান্তি বাড়ত।


তবে ২০২৬ সালে জার্মানি ও সিরিয়ার মধ্যে সরাসরি ফ্লাইট চালুর ঘটনা এটিই প্রথম নয়। এর আগে জুলাইয়ে লেইভ এভিয়েশন ডুসেলডর্ফ-দামেস্ক রুটে ফ্লাইট চালু করে। আগস্টে সানডেয়ার বার্লিন-দামেস্ক সরাসরি ফ্লাইট শুরু করে।


সিরিয়ার বেসামরিক বিমান চলাচল ও বিমান পরিবহন কর্তৃপক্ষের প্রধান ওমর হোসারি বলেন, বার্লিনে ফ্লাইট চালু করা ইউরোপের আকাশপথে সিরিয়ার জাতীয় উড়োজাহাজ সংস্থার প্রত্যাবর্তনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আন্তর্জাতিক রুট বাড়ানোর ক্ষেত্রেও এটি ভূমিকা রাখবে।


তিনি আরও বলেন, সিরিয়ার বিমানবন্দরগুলোর সেবা ও প্রস্তুতি উন্নত করতে কাজ করছে কর্তৃপক্ষ। পাশাপাশি বেসামরিক বিমান চলাচলের পরিচালনাগত ও নিয়ন্ত্রক কাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।


সরাসরি ফ্লাইট চালু হওয়ায় সিরীয়দের পারিবারিক ও স্বল্পমেয়াদি ভ্রমণ সহজ হতে পারে। তবে স্থায়ীভাবে দেশে ফেরার সিদ্ধান্ত নিরাপত্তা, আবাসন, কর্মসংস্থান ও প্রয়োজনীয় সেবার সুযোগের ওপর নির্ভর করবে। নতুন এ রুটের বাণিজ্যিক সাফল্য নির্ভর করবে যাত্রী চাহিদা, টিকিটের দাম এবং নিয়মিত ফ্লাইট পরিচালনার ওপর। আগামী কয়েক সপ্তাহে এসব বিষয় স্পষ্ট হবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News