Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

কানাডায় আইকাওয়ের বিশ্ব বিমান পরিবহন সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট | Published: Monday, November 16, 2026
কানাডায় আইকাওয়ের বিশ্ব বিমান পরিবহন সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী

কানাডার মন্ট্রিলে আইকাওয়ের সপ্তম বিশ্ব বিমান পরিবহন সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত । ছবি: সংগৃহীত

বৈশ্বিক বিমান পরিবহন খাতের ভবিষ্যৎ নীতিমালা, বিনিয়োগ ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে কানাডার মন্ট্রিলে শুরু হয়েছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) সপ্তম বিশ্ব বিমান পরিবহন সম্মেলন। ১৩ বছর পর অনুষ্ঠিত এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।


স্থানীয় সময় সোমবার সকালে মন্ট্রিলে আইকাওয়ের সদর দপ্তরে পাঁচ দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়। দেশের বিমানবন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণ, অবকাঠামোর আধুনিকায়ন এবং বিনিয়োগের নতুন সুযোগ তৈরির বিষয়গুলো সামনে রেখে সম্মেলনে অংশ নিয়েছে বাংলাদেশ।


বাংলাদেশ প্রতিনিধিদলে মন্ত্রীর সঙ্গে রয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (প্রশাসন) এস এম লাভলুর রহমান।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আইকাও কাউন্সিলের প্রেসিডেন্ট তোশিউকি ওনুমা, জাতিসংঘের পর্যটন সংস্থা ইউএন ট্যুরিজমের মহাসচিব শাইখা আল নুয়াইস এবং কানাডার পরিবহনমন্ত্রী স্টিভেন ম্যাককিনন। এতে বিভিন্ন দেশের মন্ত্রী, নীতিনির্ধারক ও আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থাগুলোর প্রতিনিধিরা অংশ নিয়েছেন।


২০১৩ সালে ষষ্ঠ সম্মেলনের পর এবার সপ্তমবারের মতো এ আয়োজন করছে আইকাও। এবারের প্রতিপাদ্য—‘পরিবর্তনশীল বিশ্বে বৈশ্বিক যোগাযোগ, অর্থনৈতিক উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির চালিকাশক্তি হিসেবে বিমান পরিবহনকে আরও কার্যকর করে তোলা’।

উদ্বোধনী দিনে ২০৫০ সাল পর্যন্ত বৈশ্বিক বিমান পরিবহন শিল্পের অবস্থা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে এয়ার ট্রান্সপোর্ট অ্যাকশন গ্রুপসহ আন্তর্জাতিক বিমানবন্দর, এয়ার নেভিগেশন ও এয়ারলাইনস খাতের প্রতিনিধিত্বকারী সংস্থাগুলো শিল্পের ভবিষ্যৎ চিত্র তুলে ধরে।



সম্মেলনের আলোচ্যসূচিতে উঠে এসেছে, ২০২৪ সালে বিশ্বে আকাশপথে যাত্রী পরিবহনের পরিমাণ ছিল প্রায় ৪৬০ কোটি। আইকাওয়ের পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সাল নাগাদ এ সংখ্যা বেড়ে ১ হাজার ২৪০ কোটিতে দাঁড়াতে পারে। বিপুল এই প্রবৃদ্ধি সামাল দিতে আধুনিক বিমানবন্দর, দক্ষ জনবল ও বিপুল বিনিয়োগ প্রয়োজন। ফলে এবারের সম্মেলনে অবকাঠামো উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি), বিদেশি বিনিয়োগ ও অর্থায়নের নতুন পদ্ধতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।


বিমানবন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, নতুন উড়োজাহাজ সংগ্রহ এবং আন্তর্জাতিক রুট সম্প্রসারণের মাধ্যমে দেশের আকাশপথের যোগাযোগ শক্তিশালী করার সুযোগ রয়েছে। সম্প্রতি আইকাওয়ের এভিয়েশন সিকিউরিটি অডিটে বাংলাদেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির বিষয়টি উঠে এসেছে, যা আন্তর্জাতিকভাবে ইতিবাচক মূল্যায়ন পেয়েছে। এই অর্জনকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সক্ষমতা ও গ্রহণযোগ্যতা আরও বাড়াতে চায় সরকার।


সম্মেলনের পাশাপাশি আগামী ১৯ ও ২০ নভেম্বর আইকাও সদর দপ্তরে সংস্থাটির অ্যাসেম্বলির ৪৩তম বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে আইকাও কাউন্সিলের সদস্যসংখ্যা ৩৬ থেকে বাড়িয়ে ৪০ করার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নতুন চারটি সদস্যরাষ্ট্র নির্বাচনের বিষয়টি গুরুত্ব পাবে। সম্মেলনের সমাপনী পর্যায়ে সদস্যরাষ্ট্রগুলোর অংশগ্রহণে একটি মন্ত্রী পর্যায়ের ঘোষণাপত্রও গ্রহণের কথা রয়েছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News