নিউইয়র্কে বিরতিহীন ফ্লাইট চালু করল এয়ার ইন্ডিয়া
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, November 16, 2026
ভারত থেকে যুক্তরাষ্ট্রে সরাসরি ফ্লাইট চালু করল এয়ার ইন্ডিয়া । ছবি- সংগৃহীত
ভারতের দিল্লি ও মুম্বাই থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নেওয়ার্কে বিরতিহীন ফ্লাইট পুনরায় চালু করেছে এয়ার ইন্ডিয়া। আকাশসীমায় বিধিনিষেধ শিথিল হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বিমান সংস্থাটি। এতে যাত্রীদের ভ্রমণের সময় প্রায় পাঁচ ঘণ্টা কমেছে।
রোববার এয়ার ইন্ডিয়া জানায়, নতুন ব্যবস্থায় প্রতিটি রুটে ভ্রমণে সময় লাগবে প্রায় ১৭ ঘণ্টা। আগে রোমে জ্বালানি নেওয়ার জন্য যাত্রাবিরতি দেওয়ায় সময় লাগত প্রায় ২২ ঘণ্টা।
দিল্লি থেকে প্রতিদিন একটি ফ্লাইট নিউইয়র্কে এবং সপ্তাহে চারটি ফ্লাইট নেওয়ার্কে চলাচল করে। অন্যদিকে, মুম্বাই থেকে প্রতিদিন একটি ফ্লাইট নিউইয়র্কে এবং সপ্তাহে তিনটি ফ্লাইট নেওয়ার্কে পরিচালনা করা হয়।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, দিল্লি থেকে এসব রুটে এয়ারবাস এ৩৫০-৯০০ এবং মুম্বাই থেকে বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে।
পাকিস্তানের আকাশসীমা বন্ধ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে আকাশসীমায় বিধিনিষেধের কারণে ভারত থেকে উত্তর আমেরিকাগামী
ফ্লাইটগুলোকে দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হচ্ছিল। এতে ভ্রমণের সময় ও জ্বালানি খরচ—দুটিই বেড়ে যায়।
এয়ারলাইনটি বলেছে, বিধিনিষেধ শিথিল হওয়ায় ভারত থেকে নিউইয়র্কগামী চারটি রুটেই বিরতিহীন ফ্লাইট চালু করা সম্ভব হয়েছে।