Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

রাজধানীতে তিন দিনের ‘বাংলাদেশ ইউথ ট্যুরিজম এক্সপো’ শুরু ১৯ নভেম্বর

ডেস্ক রিপোর্ট | Published: Monday, November 16, 2026
রাজধানীতে তিন দিনের ‘বাংলাদেশ ইউথ ট্যুরিজম এক্সপো’ শুরু ১৯ নভেম্বর

ছবি- সংবাদ বিজ্ঞপ্তি

দেশের অভ্যন্তরীণ পর্যটনশিল্পের বিকাশ এবং এ খাতে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার লক্ষ্যে রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘প্রথম বাংলাদেশ ইউথ ট্যুরিজম এক্সপো ২০২৬’। আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) প্রাঙ্গণে এ মেলা শুরু হবে, যা চলবে ২১ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।


ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইট্যাব) এই এক্সপোর আয়োজন করছে। আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন করপোরেশন।


মেলা উপলক্ষে আজ সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এক্সপোর সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও বিশেষ কর্মসূচি সম্পর্কে গণমাধ্যমকর্মীদের জানান আয়োজকেরা।


মিট দ্য প্রেসে উপস্থিত ছিলেন এক্সপোর কনভেনার কামরুল হাসান ইমন, কো-কনভেনার আরিফুর রহমান রিমন, ইট্যাব সভাপতি ইমরানুল আলম, সেক্রেটারি দীন ইসলাম রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আনসারি রিয়াদ ও প্রচার সম্পাদক মাহবুবুল আলম পাপন।


আয়োজকেরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলের পর্যটন গন্তব্য, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, হোটেল-রিসোর্ট, পর্যটন প্রযুক্তি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো এবারের এক্সপোতে অংশ নেবে। এর ফলে দর্শনার্থীরা একই ছাদের নিচে বিভিন্ন পর্যটন পণ্য ও সেবা সম্পর্কে জানার পাশাপাশি ভ্রমণ পরিকল্পনা এবং সরাসরি সেবাদাতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন।


এক্সপোর অন্যতম বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘ক্যারিয়ার সামিট’। সেখানে তরুণদের জন্য পর্যটনশিল্পে ক্যারিয়ার গঠন, উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা এবং পেশাগত দক্ষতা বিকাশের নানা দিক তুলে ধরা হবে। এ ছাড়া মেলায় পর্যটনবিষয়ক আলোচনা ও নেটওয়ার্কিংসহ বিভিন্ন আয়োজন থাকবে।


অনুষ্ঠানে এক্সপো কনভেনর কামরুল হাসান ইমন বলেন, ‘বাংলাদেশ ইউথ ট্যুরিজম এক্সপোর মাধ্যমে আমরা দেশের পর্যটন উদ্যোক্তা, সেবাদাতা প্রতিষ্ঠান ও তরুণ প্রজন্মকে একটি কার্যকর প্ল্যাটফর্মে একত্র করতে চাই। আমাদের লক্ষ্য দেশীয় পর্যটনের সম্ভাবনাকে তুলে ধরা, নতুন ব্যবসায়িক সংযোগ তৈরি এবং পর্যটন খাতে তরুণদের অংশগ্রহণ বাড়ানো।’


ইট্যাব সভাপতি ইমরানুল আলম বলেন, ‘দেশের পর্যটনশিল্পের বিকাশে ই-ট্যুরিজম উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এই খাতের সম্ভাবনাকে আরও সম্প্রসারিত করতে সমন্বিত উদ্যোগ ও কার্যকর সহযোগিতা প্রয়োজন। এই আয়োজন পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে নতুন সংযোগ তৈরি করবে এবং অভ্যন্তরীণ পর্যটনশিল্পের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।’

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News